Last Updated:
টি-ট্যুরিজম শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ নয়, এটি অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা সব কিছুরই মিলিত ক্ষেত্র হতে চলেছে।
দার্জিলিংয়ে টি-ট্যুরিজম
দার্জিলিং, ঋত্বিক ভট্টাচার্যঃ দার্জিলিংয়ের পাহাড়ি ঢালে সকালের কুয়াশা ধীরে ধীরে সরে গিয়ে উন্মোচিত হচ্ছে সবুজের বিস্তার। সারি সারি চা গাছের ফাঁকে ব্যস্ত হাতে কোমল পাতা তুলে ঝুড়িতে ভরছেন শ্রমিকেরা। দূরে দাঁড়িয়ে কিছু পর্যটক মোবাইলে সেই দৃশ্য ধরে রাখছেন। কারও হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপ, কারও চোখে আবার বিস্ময়। এই মিলনেই আজ তৈরি হচ্ছে এক নতুন পর্যটন ধারা, টি-ট্যুরিজম।
টি-ট্যুরিজম শুধু প্রকৃতির সৌন্দর্য উপভোগ নয়, এটি অর্থনীতি, সংস্কৃতি, শিক্ষা সব কিছুরই মিলিত ক্ষেত্র হতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতরের ইকো-ট্যুরিজম চেয়ারম্যান ও সিকিম রাজ্য পর্যটনের উপদেষ্টা রাজ বসুর কথায়, “পর্যটকরা এখন শুধু চা খেতে আসেন না। তাঁরা জানতে চান এই চা কোথা থেকে এসেছে? কীভাবে তৈরি হয়েছে? এর স্বাদ ও গুণগত মান কেমন? চা-বাগানের মধ্যে হোম-স্টে বা রিসোর্টে থাকার ফলে তাঁরা পুরো প্রক্রিয়াটা নিজের চোখে দেখতে পারবেন।”
দার্জিলিং, অসম, নীলগিরি – ভারতের এই তিন প্রধান চা-অঞ্চল আজ নতুনভাবে পর্যটনের মানচিত্রে জায়গা করে নিচ্ছে। বিশেষজ্ঞদের বিশ্বাস, সঠিক পরিকল্পনা ও প্রচারের মাধ্যমে টি-ট্যুরিজম হতে পারে টেকসই অর্থনীতি ও পরিবেশবান্ধব ভ্রমণের অন্যতম উদাহরণ।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
August 12, 2025 3:07 PM IST



