ডেঙ্গু কেড়ে নিলো স্ত্রীকে, শোকের মধ্যেই ড্রামারের হার্ট অ্যাটাক | চ্যানেল আই অনলাইন

ডেঙ্গুতে স্ত্রীকে হারানোর শোক কাটতে না কাটতেই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলা ফাইভ ব্যান্ডের ড্রামার আদনান রুশদী।

বর্তমানে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তার হৃদ্‌যন্ত্রের অবস্থা আশঙ্কাজনক।

পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার বিকেল থেকে সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন আদনান রুশদী। এর আগে শনিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গুতে মারা যান তার স্ত্রী শিরিন সুলতানা। স্ত্রীর মৃত্যুর পরদিনই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন রুশদী। এই দম্পতির চার বছরের একটি পুত্রসন্তান রয়েছে।

বাংলা ফাইভের বেজ গিটারিস্ট রাফিন মাহমুদ চ্যানেল আই অনলাইনকে জানান, কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন শিরিন সুলতানা। তার মৃত্যুর দিন সকাল থেকেই বুকে ব্যথার কথা বলছিলেন রুশদী ভাই। তবে স্ত্রী অসুস্থ থাকায় এবং সেদিন দীর্ঘ সময় না খাওয়ায় পরিবারের সদস্যরা প্রথমে এটিকে গ্যাস্ট্রিকের ব্যথা বলে মনে করেছিলেন।

রাফিন মাহমুদ বলেন, “ভাবী যেহেতু কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন, আর যেদিন মারা গেলেন সেদিন লম্বা সময় ধরে কিছু খাননি রুশদী ভাই— সবাই ধরেই নিয়েছিল, হয়তো গ্যাস্ট্রিকের ব্যথা। কিন্তু পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার হার্টের সমস্যা ধরা পড়ে।”

হার্টের সমস্যা শনাক্ত হওয়ার পর দ্রুত তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তার হার্টের অবস্থা আশঙ্কাজনক। দ্রুত এনজিওগ্রাম করার পরামর্শও দেওয়া হয়েছে।

তবে বর্তমানে হার্টের অবস্থার কথা বিবেচনা করে দু-তিন দিন পর এনজিওগ্রাম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রাফিন। আপাতত সিসিইউতেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন আদনান রুশদী।

রাফিন আরও জানান, এই কঠিন সময়ে রুশদীর পাশে রয়েছেন তার ব্যান্ডের সদস্য, বন্ধু ও পরিবারের সদস্যরা।

Scroll to Top