চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য নির্মূলে যৌথ বাহিনীর বড় আকারের সাঁড়াশি অভিযান শুরু হয়েছে।
আজ সোমবার (৯ মার্চ) ভোর থেকে শুরু হওয়া সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে প্রায় ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার সদস্য অংশ নিয়েছেন। এলাকাটি ঘিরে ফেলা হয়েছে, প্রবেশপথ নিয়ন্ত্রণে রাখা হয়েছে। অভিযানের লক্ষ্য সন্ত্রাসী আস্তানা ধ্বংস, অস্ত্র উদ্ধার ও অপরাধীদের গ্রেপ্তার।
অভিযানে ৫৫০ জন সেনা সদস্য, ১ হাজার ৮০০ জন পুলিশ সদস্য, ৩৩০ জন এপিবিএন, ৪০০ জন র্যাব সদস্য, ১২০ জন বিজিবি সদস্য রয়েছেন। এছাড়া ১৫টি এপিসি, ডগ স্কোয়াড ও হেলিকপ্টারসহ উন্নত প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) মাঠ পর্যায়ের তথ্য, ইউএভি (ড্রোন) ফুটেজ ও পরিকল্পনার ভিত্তিতে সেনাবাহিনী সার্বিক নিয়ন্ত্রণ করছে।
উল্লেখ্য, গত দুই যুগ ধরে এই দুর্গম পাহাড়ি এলাকা সশস্ত্র সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী ও অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। ২০১৭ ও ২০২২ সালে প্রশাসনের অভিযান ব্যর্থ হয়েছে। সম্প্রতি (জানুয়ারি ২০২৬) অভিযানে র্যাবের এক কর্মকর্তা নিহত ও তিনজন আহত হওয়ার পর রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ‘জিরো টলারেন্স’ নীতিতে এই সমন্বিত অভিযান চালানো হচ্ছে।




