এক বিবৃতিতে পুলিশ জানায়, সেখানে ‘সহিংস দাঙ্গা’ হয়েছে। বিভিন্ন দোকানের কাঁচ ভাঙচুর করা হয়েছে। জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের লক্ষ্য করেও পেট্রলবোমা ছোড়া হয়েছে। লুটপাট চালানো হয়েছে।
ফ্রাঙ্কফুর্টের প্রধান বিপণিবিতান সংলগ্ন সড়কের বড় একটি অংশ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এএফপির এক সাংবাদিক জানান, ওই সময় পুলিশের ভ্যান ও বিক্ষোভ নিয়ন্ত্রণে নিয়োজিত সদস্যরা সড়কটিতে কাউকে ঢুকতে দিচ্ছিলেন না। আকাশে পুলিশের একটি হেলিকপ্টার চক্কর দিতে দেখা যায়। সড়কে থেমে থেমে বিস্ফোরণের শব্দও শোনা যাচ্ছিল।
হেসে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রোমান পোসেক সাংবাদিকদের বলেন, ফ্রাঙ্কফুর্টে বিক্ষোভে প্রায় ১০০ জন চিহ্নিত ‘বামপন্থী উগ্রবাদী’ অনুপ্রবেশ করেছিলেন। তিনি বলেন, ‘ফ্রাঙ্কফুর্টে আজকের এ আয়োজন যেভাবে শেষ হলো, তা লজ্জাজনক।’
হামবুর্গ ও কোলন শহরেও পুলিশ জলকামান ব্যবহার করেছে। বার্লিনে পুলিশ জানায়, তাদের লক্ষ্য করে ডিম ও বোতল ছোড়া হয়েছে। বনে বিক্ষোভকারীদদের সঙ্গে সংঘর্ষে একজন পুলিশ সদস্য সামান্য আহত হন।

