জামায়াতে ইসলামী কোন ধর্মের ওপর হস্তক্ষেপ করবে না: ডা. শফিকুর রহমান | চ্যানেল আই অনলাইন

জামায়াতে ইসলামী কোন ধর্মের ওপর হস্তক্ষেপ করবে না: ডা. শফিকুর রহমান | চ্যানেল আই অনলাইন

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচিত হলে অন্য ধর্মাবলম্বীদের পূর্ণ নিরাপত্তা দেয়া হবে, জাতিকে বিভক্ত হতে দেবো না। যার যার ধর্ম তারা স্বাধীনভাবে পালন করবে। জামায়াতে ইসলাম ধর্মের ওপর হস্তক্ষেপ করবে না। কোনো দল এ নিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে।

তিনি বলেন, জনগণ যদি তাদের পবিত্র মূল্যবান ভোট দিয়ে ১১ দলীয় জোটকে নির্বাচিত করে, আমরা কথা রাখবো। প্রথমত আমরা জাতিকে আর বিভক্ত হতে দেবো না। পুরনো কাসুন্দি নিয়ে কামড়াকামড়ি করবো না। আমরা পেছনের দিকে দৌঁড়াবো না। আমরা যুবকদের স্বপ্নের অগ্রগামী বাংলাদেশ দেখতে চাই।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি লক্ষ্মীপুর-১ আসনের শাপলা কলির প্রার্থী মাহবুব আলম, লক্ষ্মীপুর-২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী রুহুল আমিন ভূঁইয়া, লক্ষ্মীপুর-৩ আসনের প্রার্থী ড. রেজাউল করিম ও লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী এ আর হাফিজ উল্যাহর হাতে নির্বাচনী প্রতীক তুলে দিয়ে জনগণের কাছে তাদের জন্য ভোট প্রার্থনা করেন।

শফিকুর রহমান বলেন, যুবকরা, আমরা তোমাদের হাতে বেকার ভাতা তুলে দেবো না। তোমরা বেকার ভাতার জন্য কোনো দাবি জানাওনি। বেকার ভাতা দিয়ে তোমাদেরকে অপমানিত করতে চাই না। তোমাদের হাতগুলোকে দক্ষ কারীগরের হাত হিসেবে গড়ে তুলবো। প্রত্যেকের হাতে মর্যাদার কাজ তুলে দেবো। সেদিন প্রতিটি যুবক গর্ভের সাথে বলবে যে আমিই বাংলাদেশ।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা একদিকে বলছেন মায়েদের হাতে আপনারা ফ্যামিলি কার্ড দেবন। আরেকদিকে সেই মায়ের গায়েই দিচ্ছেন আপনারা হাত। সকালের সূর্য উঠলে বুঝা যায় দিনটি কেমন যাবে। আপনারা মা-দেরকে কিভাবে দেখবেন এখনই বোঝা যাচ্ছে। মনে রাখবেন, সেদিন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের মেয়েদের গায়ে হাত দেওয়া জাতি ক্ষমা করেনি, গর্জে উঠেছিল, ফুঁসে উঠেছিল, আজকেও মেয়েদের গায়ে হাত দিচ্ছেন, নিজেদের কবর রচনা করবেন।

তিনি বলেন, দেশবাসী রাজনীতির পুরনো বন্দোবস্ত দেখেছে, ৫৪ বছর দেখেছে। সে বন্দোবস্তে ফ্যাসিবাদ তৈরি হয়েছে। মানুষের অধিকার হরণ করেছে। দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। চাঁদাবাজিতে জনগণকে অতিষ্ঠ করেছে। জনগণের কেনা অস্ত্র দিয়ে জনগণের বুকে গুলি ছুঁড়েছে। সে রাজনীতি আমার মা-বোনের ইজ্জত হরণ করেছে। ওই রাজনীতি আবার ফিরে আসুক আমরা চাই না।

জেলা জামায়াতের আমীর রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে, সহ সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবিরের সঞ্চালনায় এবং অ্যাড. মমিন উল্যার পরিচালনায় এতে বক্তব্য রাখেন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এটিএম মাসুম, জামায়াতের কেন্দ্রিয় শিল্প ও বাণিজ্য সেক্রেটারী ডা. আনোয়ারুল আজিম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী আতিকুর রহমান, ঢাকসুর ভিপি সাদিক কায়েম, শিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুতাসিম বিল্লাহ সাহেদী, জাকসুর জিএস মাজহারুল ইসলাম ও চাকসুর জিএস সাঈদ বিন হাবিব।

Scroll to Top