১১১তম কিআড্ডার শুরুতেই নালন্দা উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ফারহান তানজিম তীর্থ রুবিকস কিউব মিলিয়ে সবাইকে চমকে দেয়। এরপর আড্ডায় উঠে আসে বাবা দিবসের প্রসঙ্গ। বাবাকে দেওয়া নানা চমক ও মজার অভিজ্ঞতার গল্প ভাগাভাগি করে নেয় অংশগ্রহণকারীরা।
কিছুক্ষণ পর কিশোর আলো সম্পাদক আনিসুল হক আড্ডায় যোগ দিলে শুরু হয় বিশ্বকাপ ফুটবল নিয়ে জমজমাট আলোচনা। এবারের বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে হবে—এমন প্রশ্নে বরাবরের মতোই ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে শুরু হয়ে যায় দারুণ যুক্তিতর্ক।
আড্ডার বিশেষ অতিথি ছিল ‘বনলতা এক্সপ্রেস’ চলচ্চিত্রের শিশু অভিনেত্রী ত্রিধা পাল মান। ক্যামেরার পেছনের নানা মজার অভিজ্ঞতার গল্প শোনায় সে। বিনোদনের পাশাপাশি ছিল সচেতনতার বার্তাও। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদের করণীয় নিয়ে কথা বলেন তরুণ জলবায়ু অধিকারকর্মী সোহানুর রহমান সোহান ও গ্লোবাল ইয়ুথনেটের নির্বাহী সমন্বয়ক আরুবা ফারুক।



