বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচের আগে দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা। চোটের কারণে অস্ট্রিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না দলের অভিজ্ঞ ডিফেন্ডার গঞ্জালো মন্টিয়েল।
আলজেরিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে মাঠে নেমেছিলেন এই রাইট-ব্যাক। তবে ম্যাচের পর অনুশীলনের সময় পেশিতে অস্বস্তি অনুভব করলে তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে নেয়া হয়। পরবর্তী পরীক্ষায় তার ডান পায়ের কোয়াড্রিসেপস পেশিতে চোট ধরা পড়ে।
যে কারণে কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে মন্টিয়েলকে। যদিও তার পুনর্বাসনে ঠিক কত সময় লাগবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত কিছু জানানো হয়নি। ফলে চলমান টুর্নামেন্টে তিনি আর খেলতে পারবেন কি না, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। আরও কয়েকটি মেডিকেল পরীক্ষার পর তার অবস্থা সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যাবে।
আর্জেন্টিনার রক্ষণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন মন্টিয়েল। তার অনুপস্থিতি কোচ লিওনেল স্কালোনির পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে। আলোচনায় আছে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে তার জায়গায় নাহুয়েল মোলিনাকে শুরুর একাদশে রাখার সম্ভাবনা রয়েছে।



