ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আপোষের প্রতিবাদে মহাসড়ক অবরোধ | চ্যানেল আই অনলাইন

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ঘটনা আপোষের মাধ্যমে ধামাচাপা দেওয়ার অভিযোগে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে উপজেলার শালবাহান ইউনিয়নের তেঁতুলিয়া-পঞ্চগড় জাতীয় মহাসড়কের রবীন্দ্র স্মরণী বাইপাস এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। এ সময় তাদের হাতে ঝাড়ু ও জুতা দেখা যায়। বিক্ষোভকারীরা অভিযুক্ত ব্যক্তি ও ঘটনার আপোষের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী সুলতানা রাজিয়ার নাম উল্লেখ করেও স্লোগান দেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, কয়েক দিন আগে তেঁতুলিয়ার তাইয়াগছ এলাকায় সানোয়ার হোসেন নামে এক বৃদ্ধ প্রতিবেশী ছয় বছরের শিশুটিকে ধর্ষণ করেন। পরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়।

তাদের অভিযোগ, ঘটনার পর থানায় মামলা না করে একটি মহল ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া ভুক্তভোগী পরিবারকে অর্থের প্রলোভন দেখিয়ে আপোষ করিয়ে দেন। এভাবে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়রা প্রতিবাদ শুরু করলে অভিযুক্তের পরিবারের সদস্যরা প্রতিবাদকারীদের হুমকি দেন বলেও অভিযোগ ওঠে।

এর প্রতিবাদে শনিবার বিক্ষোভ মিছিল বের করেন স্থানীয়রা। পরে তারা মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। মহাসড়কের দুই পাশে তৈরি হয় দীর্ঘ যানজট।

খবর পেয়ে ঘটনাস্থলে যান তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার হোসাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হলে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

অভিযোগগুলোর বিষয়ে অভিযুক্ত ব্যক্তি, সুলতানা রাজিয়া বা তাদের পক্ষের কারও বক্তব্য পাওয়া যায়নি।

Scroll to Top