পাইলটের পোশাকে বিমানবন্দরে, তৌসিফকে ঘিরে কৌতূহল! | চ্যানেল আই অনলাইন

নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা পেয়েছেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। এবার ভিন্ন এক চরিত্রে হাজির হচ্ছেন ‘অলটাইম দৌড়ের উপর’-এর এই তারকা। জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীন পরিচালিত আইস্ক্রিনের ওয়েব কনটেন্ট ‘ক্যাফে আমব্রেলা’-তে পাইলটের চরিত্রে অভিনয় করছেন তৌসিফ।

চরিত্রের প্রয়োজনে একেবারে পেশাদার পাইলটের মতোই কস্টিউম নিতে হয়েছে তৌসিফকে। পরেছেন সাদা শার্ট, গলায় টাই, কালো প্যান্ট, কালো ক্যাপ, বুকের ওপর পাইলটের ব্যাজ এবং চোখে কালো চশমা- সব মিলিয়ে তাকে দেখে বোঝার উপায় নেই, তিনি আসলে অভিনয়ের জন্য পাইলটের সাজ নিয়েছেন!

সোমবার সকালের ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে চ্যানেল আই অনলাইনের এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তৌসিফ জানান, পাইলটের পোশাক পরে এয়ারপোর্টে প্রবেশের পর বেশ মজার অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তিনি।

অভিনেতার ভাষায়, “অভিনয় জীবনে আমি অনেক চরিত্রে ঢোকার সুযোগ পাই। এই সুযোগটা যে কতটা আনন্দ দেয়, সেটা বলে বোঝাতে পারব না।”

পাইলট সাজ নিয়ে এই অভিনেতা বলেন,“যখন পাইলট সেজে পোশাক পরে ডমেস্টিক এয়ারপোর্টের ভেতরে প্রবেশ করি, আশপাশের মানুষ বুঝতেই পারেনি যে আমি তৌসিফ মাহবুব। পাইলটের মতোই সম্মান পাচ্ছিলাম। যারা নিয়মিত আমার কাজ দেখেন, তারাও কনফিউজড- আমি পাইলট নাকি অভিনেতা তৌসিফ মাহবুব! সবাই দুই-তিনবার করে আমার দিকে তাকাচ্ছিলেন। বিষয়টি আমি খুব মজা পেয়েছি।”

তিনি আরও বলেন,“এই মজাটা পাওয়ার জন্যই ইচ্ছা করে মানুষের মধ্যে গিয়ে ঘোরাঘুরি করেছি। বাংলাদেশের পাইলটরা যেভাবে পোশাক পরেন, সেটি দেখে আমার বডির মাপ অনুযায়ী কাস্টমাইজ করে পোশাকটি বানিয়ে নিয়েছি।”

পাইলটের পোশাক পরার অনুভূতি জানিয়ে তৌসিফ বলেন, “এই পোশাক পরে বুঝতে পারছি, এই পেশাটির সম্মান কতটা এবং এটি কতটা গর্বের। এই পোশাক পরার কারণে আমিও কিছুটা সম্মান পাচ্ছি।”

মূলত সম্পর্ক, ভালোবাসা ও আবেগের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘ক্যাফে আমব্রেলা’। নির্মাতা শিহাব শাহীন আগেই জানিয়েছেন, এটি বহু চরিত্রের সমান্তরাল গল্প। এতে তিন-চারটি আলাদা গল্প একে অপরের সঙ্গে যুক্ত হবে। রোমান্স ও ড্রামা ঘরানার এই কনটেন্টের নামের সঙ্গে মিল থাকলেও এটি কোনো রেস্টুরেন্ট বা খাবারকেন্দ্রিক গল্প নয়।

সোমবার কক্সবাজার বিমানবন্দরসহ কয়েকটি লোকেশনে ‘ক্যাফে আমব্রেলা’র শেষ দিকের শুটিং চলছে। এতে তৌসিফ মাহবুবের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন তিন লাক্স তারকা বিদুষী বর্ণিতা, আমিনা ইসলাম ও নাযা নাওয়ার। আরও অভিনয় করছেন রেজওয়ানসহ অনেকে।

নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই আইস্ক্রিনে মুক্তি পাবে ‘ক্যাফে আমব্রেলা’।

 

ছবি: নাহিয়ান ইমন

Scroll to Top