চট্টগ্রামে ভারি বর্ষণে চরম জলাবদ্ধতা ও পাহাড় ধসের ঝুঁকি – DesheBideshe



চট্টগ্রাম, ১৭ আগস্ট – চট্টগ্রামে টানা ভারি বর্ষণে নগরীর বিস্তৃত নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তীব্র জলাবদ্ধতা দেখা দিয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিরামহীন বৃষ্টিতে নগরীর বড় একটি অংশ জলমগ্ন হয়ে পড়ায় সাধারণ মানুষ ও নিম্ন আয়ের শ্রমজীবীরা চরম দুর্ভোগে পড়েছেন।

আবহাওয়া কর্মকর্তা মো. ইসমাইল ভূঁইয়া জানিয়েছেন, সোমবার সকাল থেকে ১০৯ মিলিমিটার এবং গত ২৪ ঘণ্টায় মোট ১৮৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অতি ভারি বর্ষণের ফলে পাহাড় ধসের তীব্র ঝুঁকি তৈরি হওয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত বাসিন্দাদের দ্রুত সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

টানা বৃষ্টির কারণে নগরীর চকবাজার, কাতালগঞ্জ, রিয়াজউদ্দিন বাজার ও আগ্রাবাদের বিভিন্ন অভ্যন্তরীণ সড়ক পানিতে তলিয়ে গেছে। এতে সড়কগুলোতে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং অফিসগামী ও শিক্ষার্থীরা যাতায়াতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন। পানি দ্রুত নিষ্কাশন না হওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।

এস এম/ ১৭ আগস্ট ২০২৬



Scroll to Top