পুলিশের দিকে ককটেল নিক্ষেপের অভিযোগ, উদ্ধার ৫টি ককটেল

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা–কর্মীদের ঝটিকা মিছিলের চেষ্টার অভিযোগে ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে গুলশান-৩ নম্বর সড়কের একটি গলিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৫০ থেকে ২০০ নেতা–কর্মী জড়ো হন। একপর্যায়ে তাঁরা ঝটিকা মিছিল বের করার চেষ্টা করেন।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেন জানান, মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ এগিয়ে গেলে তাঁরা পুলিশের দিকে ককটেল নিক্ষেপ করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুটি রাবার বুলেট ছোড়ে। পরে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল পুলিশ। তারা হলেন—আবদুর রহিম (৪৯) ও মো. আরাফাত (২০)। তাদের কাছ থেকে পাঁচটি ককটেল উদ্ধারের কথাও জানিয়েছে পুলিশ।
পরে শনিবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ জানায়, গুলশান এলাকা থেকে এ ঘটনায় মোট ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…