
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের তিন সেনা নিহত হওয়ার ঘটনায় চীনা প্রতিষ্ঠানের সরবরাহ করা উচ্চ-রেজল্যুশনের স্যাটেলাইট ছবি ব্যবহারের প্রমাণ পেয়েছে যুক্তরাষ্ট্র।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
প্রতিবেদনটিতে বিষয়টি সম্পর্কে অবগত মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, গত ১৭ জুলাই জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে হামলার আগে ও পরে ইরান ওই স্যাটেলাইট ছবি পেয়েছিল। ওই হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি আবাসিক এলাকায় আঘাত হানে। এতে তিন মার্কিন সেনা নিহত এবং আরও চারজন আহত হন।
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, যুদ্ধ চলাকালে ইরানকে চীনের সহায়তার কারণে মার্কিন বাহিনীর প্রাণহানির ঘটনা ঘটেছে—এমন ইঙ্গিতের মধ্যে এটিই এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট প্রমাণ।
তবে বেইজিং সরাসরি ওই হামলায় জড়িত এমন অভিযোগ করেনি ওয়াশিংটন। প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইট ছবি সরবরাহকারী চীনা প্রতিষ্ঠানগুলোর পরিচয়ও প্রকাশ করা হয়নি।
মার্কিন কর্মকর্তারা বিষয়টি নিয়ে চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে চীনা কর্মকর্তারা অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে প্রমাণ দাবি করেছেন। অন্যদিকে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নাম উল্লেখ না করে অভিযোগ করেছে, কিছু পক্ষ ইচ্ছাকৃতভাবে চীনকে এই সংঘাতের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে।
আগামী ২৪ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের কথা রয়েছে। এর কয়েক সপ্তাহ আগে এমন তথ্য প্রকাশ্যে আসায় যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকটি যাতে ঝুঁকির মুখে না পড়ে, সে জন্য বেইজিংয়ের সঙ্গে প্রকাশ্য বিরোধ এড়িয়ে চলার চেষ্টা করছে ট্রাম্প প্রশাসন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত মে মাসে ইরানের কাছে স্যাটেলাইট ছবি বিক্রির অভিযোগে তিনটি চীনা প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন।
এদিকে, চীনের সরবরাহ করা তথ্য ইরানকে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্যবস্তু নির্ধারণে সহায়তা করছে কি না, তা নিয়েও এখন উদ্বিগ্ন মার্কিন কর্মকর্তারা।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…