প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি বলেন, ব্যারিয়ার ওঠানোর পরপরই বাস, মাহিন্দ্র ও ইজিবাইক রেললাইন পার হতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যেই বিচ্ছিন্ন বগিগুলো এসে ধাক্কা দেয়। এতে এক মিনিটও লাগেনি, মুহূর্তের মধ্যে রেলের বগিগুলো সজোরে আঘাত করে যানবাহনগুলো টেনে নিয়ে যায়। এক মিনিট পর ব্যারিয়ারটি তুললে হয়তো এ দুর্ঘটনা ঘটত না।
আরেক প্রত্যক্ষদর্শী মমিনের দাবি, গেটম্যান হয়তো খেয়াল করেননি যে ট্রেনের আরও কয়েকটি বগি পেছনে বিচ্ছিন্ন অবস্থায় এগিয়ে আসছিল।
গতকাল রাত সাড়ে ১২টার দিকে বিচ্ছিন্ন ওই বগিগুলো ফরিদপুরের আমিরাবাদ স্টেশনে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজবাড়ী রেলওয়ের জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মাহাবুব হাসান।

