কানাডার সাস্কাটুনে প্রবাসীদের সরস্বতী পূজা উদযাপন | চ্যানেল আই অনলাইন

কানাডার সাস্কাটুনে প্রবাসীদের সরস্বতী পূজা উদযাপন | চ্যানেল আই অনলাইন

কানাডার সাস্কাটুনে জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা, কলা ও সংগীতের দেবী সরস্বতীর পূজা।

কানাডার স্থানীয় সময় শনিবার (২৪ জানুয়ারি) স্থানীয় লক্ষিনারায়ন মন্দিরে সাস্কাটুন সর্বজনীন পূজা পরিষদ (এসএসপিপি) এর উদ্যোগে সকাল ৯ টায় দেবী বন্দনার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর পুষ্পাঞ্জলি ও হাতেখড়ি হয়।

প্রচুরসংখ্যক প্রবাসী বাঙ্গালীদের পদচারণায় দুপুরে প্রসাদ গ্রহণের পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। গান আর নাচের পাশাপাশি কাবুলিওয়ালা নাটকটি মঞ্চস্থ হয়।

সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল সনাতন ধর্মাবলম্বীরা মাইনাস ৪৫ ডিগ্রীতেও হাজির হয়েছিলেন প্রবাসে পূজার উষ্ণতা নিতে। সাস্কাটুন সর্বজনীন পূজা পরিষদ (এসএসপিপি) এর সভাপতি বাবু দেবল চৌধুরী প্রবাসের বৈরী পরিস্থিতিতে পূজা উদযাপনের জন্য সবাইকে এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

বাবু দেবল চৌধুরী বলেন, প্রবাসে বেড়ে উঠা কোমলমতি শিশুদের মাঝে আমাদের ইতিহাস ঐতিহ্য ও ধর্মীয় সংস্কৃতিকে তুলে ধরতেই আমাদের এই আয়োজন।

নারী পুরুষ আর শিশু কিশোরদের পদচারণায় মুখরিত ছিল পুরো মন্দির প্রাঙ্গন।

Scroll to Top