কানাডার অন্টারিও ও কুইবেক উপনির্বাচনে এমপি নির্বাচিত ডলি বেগম | চ্যানেল আই অনলাইন

কানাডার অন্টারিও ও কুইবেক উপনির্বাচনে এমপি নির্বাচিত ডলি বেগম | চ্যানেল আই অনলাইন

কানাডার অন্টারিও ও কুইবেকে অনুষ্ঠিত উপনির্বাচনে তিনটি আসনেই জয় পেয়েছে ক্ষমতাসীন লিবারেল পার্টি। এতে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন সরকার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। স্কারবরো সাউথওয়েস্ট আসনে জয়ী হয়ে নতুন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ডলি বেগম।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোষ্টে ডলি বেগমকে বিজয়ে অভিনন্দন জানিয়ে বলেন, “নিজের কমিউনিটির জন্য তিনি দৃঢ় ও কার্যকরভাবে লড়াই করেছেন এবং তার অভিজ্ঞতা ও কণ্ঠস্বর একটি শক্তিশালী ও ন্যায়ভিত্তিক কানাডা গঠনে ভূমিকা রাখবে।”

সোমবার (১৩ এপ্রিল) রাতে অনুষ্ঠিত এই উপনির্বাচনে অন্টারিওর ইউনিভার্সিটি–রোজডেল আসনে লিবারেল প্রার্থী ড্যানিয়েল মার্টিন শুরুতেই জয় নিশ্চিত করেন। একইভাবে স্কারবরো সাউথওয়েস্টেও ডলি বেগমের জয় ঘোষণা করা হয়।

তবে কুইবেকের তেরেবোন আসনে প্রতিদ্বন্দ্বিতা ছিল হাড্ডাহাড্ডি। সব ভোট গণনা শেষে লিবারেল প্রার্থী তাতিয়ানা অগাস্টে, ব্লক কুইবেকোয়ার প্রার্থী নাথালি সিনক্লেয়ারকে ৭৩১ ভোটে পরাজিত করেন।

এই তিনটি আসনের জয় লিবারেলদের আসন সংখ্যা ১৭৪-এ উন্নীত করেছে, যা কার্যকরভাবে সরকার পরিচালনার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। ইউনিভার্সিটি–রোজডেলে জয় এনে দিয়ে ড্যানিয়েল মার্টিন লিবারেলদের ১৭২ আসনের মাইলফলক অতিক্রম করান।

সমর্থকদের উদ্দেশে দেওয়া বক্তব্যে মার্টিন বলেন, এই বিজয় আরও শক্তিশালী ম্যান্ডেট এনে দিয়েছে। আবাসন, জীবনযাত্রার ব্যয়, স্বাস্থ্যসেবা, জলবায়ু পরিবর্তন, অবকাঠামো ও অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে দ্রুত কাজ শুরু করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, সাবেক উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড জানুয়ারিতে পদত্যাগ করে ইউক্রেনের উপদেষ্টা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের রোডস ট্রাস্টের সিইও হিসেবে দায়িত্ব নেওয়ায় ইউনিভার্সিটি–রোজডেল আসনটি শূন্য হয়।

অন্যদিকে, ফেব্রুয়ারিতে বিল ব্লেয়ার যুক্তরাজ্যে কানাডার হাইকমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ায় স্কারবরো সাউথওয়েস্ট আসনটি খালি হয়। এই আসনে লড়তে গিয়ে ডলি বেগম অন্টারিও এনডিপির ডেপুটি লিডার ও এমপিপি পদ থেকে পদত্যাগ করেন।

বিজয়ী বক্তব্যে ডলি বেগম বলেন, আজকের রাত একটি নতুন সূচনার উদযাপন। গত দুই মাসে আমাদের এলাকার সর্বস্তরের মানুষ একসঙ্গে কাজ করেছেন দরজায় দরজায় গিয়ে, ফোন করে, এমনকি প্রতিকূল আবহাওয়ায় প্রচারণা চালিয়ে মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করেছেন। সবাইকে ধন্যবাদ।

অনানুষ্ঠানিক ফলাফলে প্রায় ৭০ শতাংশ ভোট পেয়ে বড় ব্যবধানে জয় পান তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ প্রার্থী ডায়ানা ফিলিপোভা পান ১৮ শতাংশের বেশি ভোট। নির্বাচনের পর ডলি বেগম জানান, ফল ঘোষণার পরপরই প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে তার কথা হয়েছে এবং তিনি দ্রুত ককাস বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ইলেকশনস কানাডার তথ্য অনুযায়ী, স্কারবরো সাউথওয়েস্টে প্রায় ৩৩ দশমিক ৫ শতাংশ এবং ইউনিভার্সিটি–রোজডেলে ৩২ শতাংশের বেশি ভোটার আগাম ভোট দিয়েছেন। এর আগে, পাঁচজন সংসদ সদস্য দল পরিবর্তন করে লিবারেল দলে যোগ দেওয়ায় দলটি সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছেছিল। সোমবারের এই উপনির্বাচনের ফলাফল সেই অবস্থানকে আরও শক্তিশালী করেছে।

Scroll to Top