মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরব ইরানকে কূটনৈতিকভাবে পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে ফোনালাপে এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, সোমবার ১৩ এপ্রিল অনুষ্ঠিত ওই ফোনালাপে তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত স্থায়ীভাবে বন্ধ করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টাকে রিয়াদ সমর্থন করবে।
আলোচনায় ইরানি পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান উত্তেজনা, যুদ্ধবিরতি পরবর্তী পরিস্থিতি এবং মার্কিন কর্মকাণ্ডের ফলে সৃষ্ট ঝুঁকির বিষয় তুলে ধরেন। একই সঙ্গে গত ১১ এপ্রিল ইসলামাবাদে পাকিস্তানের মধ্যস্থতায় অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার অগ্রগতিও সৌদি পক্ষকে অবহিত করা হয়।
আব্বাস আরাঘচি বলেন, ইরান দায়িত্বশীলতা ও সদিচ্ছা নিয়ে যুদ্ধবিরতি মেনে আলোচনায় অংশ নিলেও মার্কিন পক্ষের কঠোর অবস্থান ও অতিরিক্ত শর্তের কারণে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি। তিনি মার্কিন রাজনৈতিক অবস্থানকে অস্থিতিশীল উল্লেখ করে তা শান্তি প্রক্রিয়ার জন্য প্রতিবন্ধক বলে মন্তব্য করেন।
এর জবাবে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, চলমান কূটনৈতিক প্রচেষ্টা শেষ পর্যন্ত সফল হবে এবং অঞ্চলজুড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে।




