
ছবি: সংগৃহীত
কলকাতায় আনন্দবাজার পত্রিকা ভবনের সামনের দেয়ালে গেরুয়া রং লাগিয়ে বিক্ষোভ করেছেন একদল মানুষ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির তথ্য সূত্রে, দুপুরের দিকে কয়েকজন গেরুয়া পাগড়ি পরে ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দিতে পত্রিকাটির কার্যালয়ের সামনে জড়ো হন। এ সময় তাদের মধ্যে একজন ভবনের সামনের দেয়ালে গেরুয়া রং লেপে দেন।
বিক্ষোভকারীরা আনন্দবাজার পত্রিকার বিরুদ্ধেও বিভিন্ন স্লোগান দেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, ঘটনার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাদের ভূমিকা ছিল নিষ্ক্রিয়।
আনন্দবাজার পত্রিকায় গত ২১ আগস্ট প্রকাশিত একটি শিরোনামকে কেন্দ্র করে এ বিক্ষোভ হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
২০ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ডানপন্থী ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) একটি প্রতিবাদ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। এর পরদিন আনন্দবাজার পত্রিকা ওই ঘটনা নিয়ে ‘গেরুয়া গুন্ডামি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে।
ওই শিরোনামের প্রতিবাদ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২৮ আগস্ট একটি সংবাদমাধ্যমের আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ‘গেরুয়া তাণ্ডব’ শিরোনাম প্রত্যাহার করতে হবে। গেরুয়া শব্দকে কালিমালিপ্ত করতে দেব না।
এরপর আনন্দবাজার পত্রিকার সম্পাদককে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক আপত্তিকর পোস্ট ছড়িয়ে পড়ার কথাও জানা যায়। পাশাপাশি পত্রিকাটির সম্পাদকের বিরুদ্ধে হিন্দু জাগরণ মঞ্চ নামে একটি সংগঠন বউবাজার থানায় এফআইআর দায়ের করে।
মঙ্গলবার আনন্দবাজার পত্রিকা ভবনের সামনে এক বিক্ষোভকারী বলেন, পশ্চিমবঙ্গ শ্যামাপ্রসাদ মুখার্জী ও বিবেকানন্দের মাটি, এটা গেরুয়ার মাটি। এই মাটিতে গেরুয়া নিয়ে কুমন্তব্য করার প্রচেষ্টা বরদাস্ত হবে না।
তবে বিক্ষোভকারীদের সঙ্গে বিজেপির কোনো সরাসরি সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আনন্দবাজার পত্রিকার পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি।
প্রতিবেদক
চ্যানেল আই অনলাইন
চ্যানেল আই অনলাইন
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…