সোমবার থেকে নতুন রুটে চলবে মহানগর এক্সপ্রেস

আগামী সোমবার (২৬ অক্টোবর) থেকে নতুন রুটে চলাচল করবে আন্তঃনগর ট্রেন মহানগর এক্সপ্রেস। এদিন থেকে নিয়মিত রুট ঢাকা-চট্টগ্রাম ছাড়িয়ে কক্সবাজার পর্যন্ত যাত্রীসেবা দেবে ট্রেনটি; মেনে চলবে নতুন সময়সূচিও।

মহানগর এক্সপ্রেস

শুক্রবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তার দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটির কক্সবাজারগামী প্রথম যাত্রার উদ্বোধন করবেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। রাত ৩টায় ট্রেনটি চট্টগ্রাম পৌঁছানোর কথা রয়েছে। এরপর রাত ৩টা ২০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে ট্রেনটি।

রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র জানায়, মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত বর্ধিত করায় ঢাকা-চট্টগ্রামের মধ্যবর্তী ঢাকার বিমানবন্দর স্টেশন, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনের যাত্রী ট্রেনে করে কক্সবাজার যাতায়াতের সুযোগ পাবে।

এর ফলে পৃথিবীর দীর্ঘতম সমুদ্রসৈকতে যেমন পর্যটক বাড়বে, তেমনি রেলওয়ের আয়ও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এতদিন ঢাকা থেকে কক্সবাজার রুটে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস বিরতিহীন হওয়ায় এসব জেলার লোকজন ট্রেনে করে কক্সবাজার যাতায়াতের সুযোগ থেকে বঞ্চিত ছিল। ঢাকা-কক্সবাজার রুটের মহানগর এক্সপ্রেসে ১৬টি কোচ থাকবে। আসনসংখ্যা হবে ৭০৬ থেকে ৭৩৬টি। ট্রেনটির সাপ্তাহিক বন্ধ রোববার।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বকর সিদ্দিক জানান, ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন চলাচল নিয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

নতুন সময়সূচি অনুযায়ী, মহানগর এক্সপ্রেস ঢাকা থেকে রাত সাড়ে আটটায় ছেড়ে পরদিন সকাল ছয়টায় কক্সবাজার পৌঁছানোর কথা রয়েছে। এছাড়া ফিরতি পথে কক্সবাজার থেকে সকাল আটটায় ছেড়ে দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রাম এবং সন্ধ্যা সাড়ে ছয়টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। গত ১৬ অক্টোবর থেকে নতুন রুটের জন্য ট্রেনটির টিকিট বিক্রি শুরু হয়েছে।

Scroll to Top