শুক্রবার (১৯ জুন) বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শহীদ কাপুর, রাশমিকা মান্দানা এবং কৃতি শ্যানন অভিনীত সিনেমা ‘ককটেল ২’। আর মুক্তি পেয়েই বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে ছবিটি।
মুক্তির মাত্র দু’দিনের মধ্যেই বিশ্বব্যাপী ৫০ কোটিরও বেশি আয় করে ফেলেছে। মুক্তির প্রথম দিনে ছবিটি ভারতীয় বক্স অফিসে ১৩.৫০ কোটি টাকার ব্যবসা করেছিল। তবে ইতিবাচক দর্শক প্রতিক্রিয়া এবং মুখে মুখে প্রচারের জেরে দ্বিতীয় দিনে আয়ের গ্রাফ আরও উঁচুতে ওঠে।
রিপোর্ট অনুযায়ী, দ্বিতীয় দিনে ‘ককটেল ২’ আয় করেছে ১৬.২৫ কোটি টাকা, যা প্রথম দিনের তুলনায় প্রায় ২০ শতাংশ বেশি। এর ফলে ভারতীয় বক্স অফিসে ছবিটির প্রথম দুই দিনের মোট নেট আয় দাঁড়িয়েছে ২৯.৭৫ কোটি টাকা। একই সময়ে ভারতের গ্রস কালেকশন পৌঁছেছে ৩৫.৭০ কোটিতে।
শুধু দেশেই নয়, বিদেশেও ছবিটি ভালো সাড়া পাচ্ছে। দুই দিনে ‘ককটেল ২’ বিদেশি বাজার থেকে প্রায় ১৫.২৫ কোটি টাকা আয় করেছে। সব মিলিয়ে ছবিটির মোট বিশ্বব্যাপী গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৫০.৯৫ কোটি টাকা।
প্রায় ১৫০ কোটি টাকার বাজেটে নির্মিত এই ছবির IMDb রেটিং বর্তমানে ৬.৯। দ্বিতীয় দিনের শক্তিশালী আয় দেখে মনে করা হচ্ছে, বক্স অফিসে বড় ধরনের পতন না হলে প্রথম সপ্তাহের মধ্যেই ছবিটি নির্মাণ খরচের বড় অংশ তুলে নিতে সক্ষম হবে।



