ওমরাহ পালনকারীদের জন্য নতুন সুবিধা চালু করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালুর ঘোষণা দিয়েছে। এই ভিসার মাধ্যমে ভিসাধারীরা এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করে ওমরাহ পালন করতে পারবেন। তবে সব সফর মিলিয়ে সৌদি আরবে অবস্থানের মোট সময় ৯০ দিনের বেশি হতে পারবে না।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, নতুন ভিসাটি ইস্যুর তারিখ থেকে ৩৬৫ দিন পর্যন্ত বৈধ থাকবে। নির্ধারিত শর্ত পূরণ করলে ভিসাধারীরা একই ভিসা ব্যবহার করে একাধিকবার সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন।
সৌদি কর্তৃপক্ষের ভাষ্য, সৌদি ভিশন ২০৩০ এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রাম-এর আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য ওমরাহযাত্রীদের ভ্রমণ আরও সহজ করা, সেবার মান উন্নত করা এবং ধর্মীয় সফরের অভিজ্ঞতা আরও উন্নত করা।
তবে নতুন এই সুবিধা পেতে কিছু শর্ত মানতে হবে। প্রতিবার ওমরাহ পালনের আগে নুসুক (Nusuk) প্ল্যাটফর্মের অনুমোদিত সেবা প্রদানকারীর কাছ থেকে একটি সার্ভিস প্যাকেজ কিনতে হবে। ওই প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট বৈধতার সময়সীমার মধ্যে থাকতে হবে।
এ ছাড়া সৌদি আরবে ভ্রমণের আগে নুসুক অ্যাপ ব্যবহার করে ওমরাহ পালনের অনুমতিপত্র (পারমিট) সংগ্রহ করা বাধ্যতামূলক।
সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিবার সৌদি আরব ত্যাগ করার পর ভিসাটি সাময়িকভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। পরবর্তী সফরের জন্য প্রয়োজনীয় শর্ত পূরণ করা হলে ভিসাটি পুনরায় সক্রিয় করা হবে।
তবে হজ মৌসুমে এই ভিসা ব্যবহার করা যাবে না। অর্থাৎ ইসলামী ক্যালেন্ডারের ১ জিলকদ থেকে ১৩ জিলহজ পর্যন্ত সময়ের মধ্যে মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসার কার্যকারিতা স্থগিত থাকবে।
নতুন এই উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক ওমরাহযাত্রীদের জন্য আরও সহজ, নমনীয় এবং আধুনিক ভিসা ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়েছে সৌদি আরব।



