
রাজধানীর উত্তরখানে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে রবিউল ইসলাম রবি (৩০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তরখান থানার হেলাল মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রবিউল ইসলাম রবি ঢাকা মহানগর উত্তর যুবলীগের ৪৫ নম্বর ওয়ার্ডের সদস্য।
উত্তরখান থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ২৫ থেকে ৩০ জনের একটি দল উত্তরখান থানার ওজাপাড়া এলাকার বাসিন্দা রিপন হোসেনের বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। পুলিশ জানায়, ওই দলের সদস্যরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মী। ককটেলটি রিপন হোসেনের বাড়ির প্রবেশপথের দেয়ালে আঘাত হেনে বিস্ফোরিত হয়। ঘটনার পর হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
পুলিশ জানায়, ঘটনার ছায়া তদন্ত ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ককটেল বিস্ফোরণের ঘটনায় রবিউল ইসলামের প্রত্যক্ষ ও পরোক্ষ সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। এর পরিপ্রেক্ষিতে বুধবার সন্ধ্যায় হেলাল মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…

