স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ছাত্রদলের ৪০ থেকে ৫০ জনের একটি দল নিখিলের বাসায় যায়। বাসার নিচে থাকা নিখিলের কার্যালয়ের কাচ ভাঙচুর করেন ছাত্রদলের নেতা–কর্মীরা। পরে তাঁরা ভেতরে প্রবেশ করে আসবাব, ক্রেস্ট ভাঙচুর করেন। একপর্যায়ে তাতে আগুন ধরিয়ে দেন। এ সময় ছাত্রদলের নেতারা ‘যুবলীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আমার সোনার বাংলায়, যুবলীগের ঠাঁই নাই’ স্লোগান দেন। প্রায় আধা ঘণ্টার ভাঙচুর শেষে তাঁরা সেখান থেকে চলে যান।
ভাঙচুরের ঘটনা স্বীকার করে ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আকরাম আহমেদ প্রথম আলোকে বলেন, যুবলীগ একটি নিষিদ্ধ সংগঠন। এই সংগঠনের সাধারণ সম্পাদক নিখিলের নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে। ককটেল বিস্ফোরণ, বাসে আগুন দেওয়া হচ্ছে। এই ভাঙচুরের মাধ্যমে তাঁকে সাবধান করা হলো।
আকরাম আহমেদ আরও বলেন, গোপালগঞ্জে সংসদ সদস্যসহ বিএনপির নেতা–কর্মীদের বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে। মারধর করা হচ্ছে। তাঁরা যদি সাবধান না হন, দেশের কোথাও শান্তিতে থাকতে পারবেন না।

