
পাবনা, ২৭ মে – পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে প্রকল্পের গ্রীনসিটি আবাসিক এলাকার ২১ নম্বর ভবনের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির নাম লাতিপভ ভিল।
তিনি রাশিয়ার নাগরিক এবং প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান রোজেনারগোঅ্যাটম কোম্পানিতে কর্মরত ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে নিজ কক্ষে লাতিপভ ভিলকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন তার সহকর্মীরা। তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রকল্প কর্তৃপক্ষকে জানানো হলে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।
তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে।
আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এস এম/ ২৭ মে ২০২৬






