ইসলামী ব্যাংক নিয়ে কোনো দখলদারিত্ব মেনে নেওয়া হবে না: ডা. শফিকুর রহমান – DesheBideshe

ইসলামী ব্যাংক নিয়ে কোনো দখলদারিত্ব মেনে নেওয়া হবে না: ডা. শফিকুর রহমান – DesheBideshe


ইসলামী ব্যাংক নিয়ে কোনো দখলদারিত্ব মেনে নেওয়া হবে না: ডা. শফিকুর রহমান – DesheBideshe

ঢাকা, ৩ জুন – ইসলামী ব্যাংককে কেন্দ্র করে কোনো ধরনের দখল বা নিয়ন্ত্রণের পাঁয়তারা জনগণ মেনে নেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন যে সরকার ইসলামী ব্যাংককে সাবেক ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে।

বুধবার রাতে রাজধানীর মিরপুরের একটি কনভেনশন সেন্টারে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ইসলামী ব্যাংক থেকে ৩৪ হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। বর্তমানে আবারও ফ্যাসিবাদী কায়দায় ব্যাংকিং খাতকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা চলছে যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত উদ্বেগের বিষয়।

তিনি সরকারকে ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ভূমিকার সমালোচনা করেন।

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আরও বলেন যে দেশ এভাবে চলতে পারে না। জামায়াতে ইসলামী জনগণের স্বার্থে শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে কাজ করবে এবং কখনো গৃহপালিত বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হবে না।

চাঁদাবাজি প্রসঙ্গে তিনি মন্তব্য করেন যে চাঁদাবাজদের কোনো নির্দিষ্ট দল নেই এবং দেশের সকল সংসদ সদস্য ঐক্যবদ্ধ হলে এই সমস্যা দূর করা সম্ভব।

জ্বালানি সংকট ও আন্তর্জাতিক প্রেক্ষাপট উল্লেখ করে জামায়াত আমির বলেন যে মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব বাংলাদেশেও পড়ছে। হরমুজ প্রণালী বন্ধ থাকায় জ্বালানি খাতে সংকট তৈরি হয়েছে। দেশের অভ্যন্তরে গ্যাসের মজুদ কমে গেলেও নতুন অনুসন্ধানে সরকারের কোনো কার্যকর উদ্যোগ নেই।

দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে জামায়াতে ইসলামী শিগগিরই আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে বলে তিনি জানান।

কাফরুল পশ্চিম থানা সেক্রেটারি এস এম রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডা. ফখরুদ্দিন মানিক, আতাউর রহমান সরকার, শাহ আলম তুহিন ও অধ্যাপক আনোয়ারুল করিম উপস্থিত ছিলেন।

এনএন/ ৩ জুন ২০২৬



Scroll to Top