ইনসাফভিত্তিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে একযোগে কাজের আহ্বান রাষ্ট্রপতির – DesheBideshe

ইনসাফভিত্তিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে একযোগে কাজের আহ্বান রাষ্ট্রপতির – DesheBideshe

ইনসাফভিত্তিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে একযোগে কাজের আহ্বান রাষ্ট্রপতির – DesheBideshe

ঢাকা, ২৫ মার্চ – বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ইনসাফভিত্তিক, স্বনির্ভর এবং নিরাপদ বাংলাদেশ গড়তে দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি দেশে ও প্রবাসে বসবাসরত সব বাংলাদেশিকে শুভেচ্ছা জানান।

বাণীতে রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতা বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন। তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহীদদের স্মরণ করেন। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমসহ সব বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিত নারী, জাতীয় নেতা ও সংগঠকদের অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে তুলে ধরেন।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার প্রেরণা যোগায়। রাজনৈতিক ও অর্থনৈতিক স্বাধীনতা, শোষণমুক্ত সমাজ গঠন এবং সর্বস্তরের মানুষের ক্ষমতায়ন ছিল স্বাধীনতার মূল লক্ষ্য। সমাজের সর্বক্ষেত্রে সাম্য ও সুশাসন নিশ্চিত করার মাধ্যমে স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে।

বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও জ্বালানি সংকটের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার নিরলসভাবে কাজ করছে বলে তিনি জানান। এই সংকটময় সময়ে সুদৃঢ় জাতীয় ঐক্য, সহমর্মিতা এবং দেশপ্রেম অত্যন্ত জরুরি বলে রাষ্ট্রপতি মত প্রকাশ করেন।

পরিশেষে তিনি স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে গৃহীত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন।

এনএন/ ২৫ মার্চ ২০২৬



Scroll to Top