পাচার হওয়া অর্থ ফেরাতে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী – DesheBideshe

পাচার হওয়া অর্থ ফেরাতে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী – DesheBideshe

পাচার হওয়া অর্থ ফেরাতে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী – DesheBideshe

সচিবালয়, ২৫ মার্চ – বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সুইজারল্যান্ডের কাছে সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলির সঙ্গে এক বৈঠকে তিনি এই সহায়তা কামনা করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, পুলিশ ও আর্থিক খাতের সংস্কার এবং মানি লন্ডারিং প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হলো আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দেশে প্রকৃত সংসদীয় গণতন্ত্রের চর্চা নিশ্চিত করা।

তিনি উল্লেখ করেন, রাজনৈতিক দলগুলোর সভা ও সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার রয়েছে, তবে তা জনদুর্ভোগ সৃষ্টি না করে সতর্কতার সঙ্গে পালন করা উচিত। বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, সে সময় রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে পুলিশকে ব্যবহার করে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছিল। বৈঠকে রাষ্ট্রদূত রেটো রেংগলি পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং সংস্কার কার্যক্রমে সুইজারল্যান্ডের পক্ষ থেকে কারিগরি ও কৌশলগত সহায়তার আশ্বাস দেন।

তিনি বর্তমান সরকারের সংস্কার এজেন্ডা বাস্তবায়নের চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানতে চান এবং একটি কার্যকর সংসদের ওপর জোর দেন। বাংলাদেশে সন্ত্রাসবাদের উপস্থিতির বিষয়ে রাষ্ট্রদূতের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, দেশে চরমপন্থা সামান্য থাকতে পারে, তবে তা সন্ত্রাসবাদে রূপ নেয়নি।

বাংলাদেশ পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট এবং ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট অত্যন্ত দক্ষতার সঙ্গে এই বিষয়ে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।

আর্থিক খাতের স্থিতিশীলতার জন্য সংস্কার অপরিহার্য বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন যে, মানি লন্ডারিংয়ের মাধ্যমে পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং সামগ্রিক সংস্কার কার্যক্রমে সুইজারল্যান্ড তাদের সহযোগিতার হাত আরও প্রসারিত করবে।

এ এম/ ২৫ মার্চ ২০২৬



Scroll to Top