ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী | চ্যানেল আই অনলাইন

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী | চ্যানেল আই অনলাইন

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিশ্বকাপসহ প্রধান টুর্নামেন্টগুলোর বাণিজ্যিক অংশীদারিত্ব বিক্রির বিতর্কিত পরিকল্পনা শেষপর্যন্ত বাতিল হয়েছে। এই পরিকল্পনার বিরুদ্ধে উয়েফার নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলনের অন্যতম মুখ ছিলেন নির্বাহী কমিটির দুই নারী সদস্য-ওয়েলসের লরা ম্যাকঅ্যালিস্টার ও নরওয়ের লিসে ক্লাভনেস।

প্রস্তাব ঘোষণার পর উয়েফার জরুরি ভার্চুয়াল বৈঠকে ম্যাকঅ্যালিস্টার পরিকল্পনাটিকে ফুটবলের জন্য হুমকি উল্লেখ করে ফিফার প্রতিযোগিতা বয়কটের আহ্বান জানান। একই বৈঠকে নরওয়েজিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি ক্লাভনেস ফিফায় সুশাসন ও নীতিগত সংস্কারের দাবি তোলেন। তাদের দৃঢ় অবস্থানের পরই উয়েফার সদস্য দেশগুলো একজোট হয় এবং প্রবল চাপের মুখে পরিকল্পনা প্রত্যাহার করেন ইনফান্তিনো।

সাবেক ফুটবলার ও আইনজীবী ক্লাভনেস দীর্ঘদিন ধরেই ফুটবলে সুশাসন ও মানবাধিকার ইস্যুতে সোচ্চার। অন্যদিকে, নারী ফুটবলের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে উয়েফার নির্বাহী কমিটিতে জায়গা করে নেন ম্যাকঅ্যালিস্টার।

Scroll to Top