বিশ্বকাপ শুরুর আগেই একাধিক নিয়মে পরিবর্তন এনেছিল ফিফা। শনিবার (১৩ জুন) সকালে যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ের ম্যাচে দেখা গেল এক নতুন নিয়মের প্রয়োগ।
অনেক ক্ষেত্রেই রেফারির চোখ এড়িয়ে যাওয়ায় দোষ না করেও শাস্তি পেতে হয় ভুল খেলোয়াড়কে। এবার বন্ধ হতে চলেছে সেই ঘটনা।
ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর)-এর হস্তক্ষেপে ‘মিসটেকেন আইডেন্টিটি’ বা ভুল খেলোয়াড়কে শাস্তি দেওয়ার ঘটনা সংশোধনের নজির প্রথমবারের মতো দেখা গেল বিশ্বকাপের ইতিহাসে। তবে ঘটনাটি যেভাবে ঘটেছে, তাতে ফুটবলার থেকে দর্শক—সকলেই বেশ বিভ্রান্ত হয়েছেন।
তাই আলোচনায় উঠে এসেছে এই নতুন নিয়মও।
গ্রুপ ‘ডি’-র প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে।

ম্যাচে তখন ৩-০ গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র। ৫১ মিনিটের মাথায় প্যারাগুয়ের তারকা মিডফিল্ডার মিগুয়েল আলমিরনের বিরুদ্ধে ফাউল করার অভিযোগে যুক্তরাষ্ট্রের অভিজ্ঞ ডিফেন্ডার টিম রিমকে হলুদ কার্ড দেখান ডাচ রেফারি ড্যানি ম্যাকেলি।
তবে কার্ড দেখানোর পরই রিমকে বিস্মিত দেখাচ্ছিল। রেফারির সিদ্ধান্তে হকচকিয়ে যান তিনি। কারণ, ফাউল না করেও কার্ড দেখতে হয় তাকে। ফ্রি-কিক পায় প্যারাগুয়ে। খেলাও শুরু হয়ে যায়। তারপরও ম্যাচ থামিয়ে রেফারি ড্যানি ম্যাকেলিকে ডেকে পাঠায় ভিএআর।
ভিডিও রিপ্লে দেখার পর ম্যাকেলি নিজের সিদ্ধান্ত বদল করেন। প্রথমে টিম রিমকে দেখানো হলুদ কার্ড প্রত্যাহার করেন তিনি। এরপর মিগুয়েল আলমিরনকে ডাইভ দেওয়ার অভিযোগে হলুদ কার্ড দেখান রেফারি। বিশ্বকাপের ইতিহাসে ভিএআর হস্তক্ষেপের পর ‘মিসটেকেন আইডেন্টিটি’–সংক্রান্ত নিয়ম ব্যবহারের এটাই প্রথম ঘটনা।
নতুন এই নিয়ম অনুযায়ী, যদি কোনো খেলোয়াড়ের পরিবর্তে ভুলবশত অন্য একজনকে হলুদ বা লাল কার্ড দেখানো হয়, তাহলে রেফারি সেই সিদ্ধান্ত সংশোধন করতে পারবেন। এটাই পরিচিত ‘মিসটেকেন আইডেন্টিটি’ নিয়ম নামে। এই নিয়ম প্রয়োগ করেই যুক্তরাষ্ট্রের টিম রিমের হলুদ কার্ড বাতিল করেন রেফারি এবং ভুল শুধরে আলমিরনকে কার্ড দেখান। বিশ্বকাপের ম্যাচে ঘটে যাওয়া এই ঘটনা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে নানা আলোচনা চলছে।


