আমানউল্লাহ আমান: ‘আসছি, আসব’ বলে নেতাকর্মীদের মনোবল চাঙা রাখার চেষ্টা করছেন শেখ হাসিনা – DesheBideshe

আমানউল্লাহ আমান: ‘আসছি, আসব’ বলে নেতাকর্মীদের মনোবল চাঙা রাখার চেষ্টা করছেন শেখ হাসিনা – DesheBideshe


আমানউল্লাহ আমান: ‘আসছি, আসব’ বলে নেতাকর্মীদের মনোবল চাঙা রাখার চেষ্টা করছেন শেখ হাসিনা – DesheBideshe
আমানউল্লাহ আমান

ঢাকা, ০২ অক্টোবর- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, ‘আসছি, আসব’ বলে ফ্যাসিস্ট শেখ হাসিনা মাঝে মধ্যে হুংকার দিয়ে লুকিয়ে থাকা নেতাকর্মীদের মনোবল চাঙা রাখার চেষ্টা করছেন। দেশের জনগণও বিষয়টি জানে। ফ্যাসিবাদের পতনের পর আবার ক্ষমতায় ফেরার কোনো ইতিহাস পৃথিবীতে নেই। ফ্যাসিবাদী শক্তি একবার জনগণের আন্দোলনে পরাজিত হলে তাদের আবার ক্ষমতায় ফিরে আসার নজির ইতিহাসে নেই।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে ঢাকার কেরানীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, দেশের চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। দেশ যখন সামনে এগিয়ে যাচ্ছে, তখনই একটি মহল জাতীয় ও আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে দেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, জনগণের আস্থা বিএনপির প্রতি ছিল। সেই আস্থার প্রতিফলন ঘটাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১৭ বছরে যেসব উন্নয়নকাজ হয়নি, সেসব কাজ নতুন করে শুরু হয়েছে।

আমানউল্লাহ আমান বলেন, বর্তমানে স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, সড়ক, সেতু ও কালভার্টসহ বিভিন্ন খাতে উন্নয়নকাজ শুরু হয়েছে। পাশাপাশি মানবসেবায় বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। দেশের বিভিন্ন খাতে উন্নয়ন কার্যক্রম দেখে একটি মহল পরিকল্পিতভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, হাজারো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র ধরে রাখতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে সবাইকে সচেতন ও সজাগ থাকতে হবে। পাড়া-মহল্লা, গ্রাম, হাটবাজার, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে। কোনো ফ্যাসিবাদী শক্তি যাতে আবার দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে না পারে, সে বিষয়েও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এস এম/ ০২ অক্টোবর ২০২৬

 

Scroll to Top