আবারও চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট | চ্যানেল আই অনলাইন

আবারও চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট | চ্যানেল আই অনলাইন







আবারও চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট | চ্যানেল আই অনলাইন


















এক বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আগামী ২৭ জুলাই থেকে আবার চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। প্রাথমিকভাবে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে সরকার।

সোমবার (১৫ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য, অর্থনীতি এবং জনগণের পারস্পরিক যোগাযোগ দ্রুত বৃদ্ধি পাওয়ায় ঢাকা-নারিতা রুট পুনরায় চালু করা বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার। দায়িত্ব গ্রহণের পরই দুই দেশের সংযোগ জোরদারে বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে দ্রুত এই রুটে ফ্লাইট চালুর নির্দেশ দেওয়া হয়।

তিনি জানান, শুরুতে চলতি মাসের মধ্যেই ফ্লাইট চালুর পরিকল্পনা ছিল। তবে জাপানের সিভিল এভিয়েশন ব্যুরো (জেসিএবি) প্রয়োজনীয় নিরাপত্তা নিরীক্ষা সম্পন্ন করতে অতিরিক্ত সময় চাওয়ায় সম্ভাব্য তারিখ পিছিয়ে ২৭ জুলাই নির্ধারণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, ছবি: পিআইডি

আফরোজা খানম বলেন, প্রাথমিকভাবে বিমানের ওয়াইডবডি বোয়িং ৭৮৭-৮০০ ড্রিমলাইনার উড়োজাহাজ দিয়ে সপ্তাহে একটি ফ্লাইট পরিচালিত হবে। ভবিষ্যতে বহরে নতুন বিমান যুক্ত হওয়া এবং বাণিজ্যিক চাহিদা বিবেচনায় ফ্লাইটের সংখ্যা ধাপে ধাপে বাড়ানো হবে।

তিনি আরও জানান, আগামী ২০ জুন থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটের টিকিট বিক্রি শুরু হবে। বিমানের ওয়েবসাইটসহ সব ধরনের বিক্রয় ও বিতরণ মাধ্যমে টিকিট পাওয়া যাবে।

বিমানমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এই রুট পুনরায় চালু হলে বাংলাদেশ ও জাপানের মধ্যকার অর্থনৈতিক, বাণিজ্যিক এবং কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে। একই সঙ্গে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কও নতুন মাত্রা পাবে।

তিনি বলেন, আন্তর্জাতিক রুটকে লাভজনক পর্যায়ে নিতে কিছুটা সময় লাগে। তবে কার্যকর বিপণন, যাত্রীসেবা উন্নয়ন এবং দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে ঢাকা-নারিতা রুটকে দীর্ঘমেয়াদে টেকসই ও লাভজনক করা সম্ভব হবে বলে সরকার আশাবাদী।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, জাপানে বসবাসরত বাংলাদেশি কর্মী, শিক্ষার্থী ও ব্যবসায়ীদের জন্য এই রুট অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে দেশটিতে ৪০ হাজারের বেশি বাংলাদেশি কর্মী ও শিক্ষার্থী রয়েছেন। তাঁদের পাশাপাশি ব্যবসায়ী ও পর্যটকদের যাতায়াত সহজ করতেই রুটটি পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, পরিচালনাগত ও বাণিজ্যিক চ্যালেঞ্জের কারণে ২০২৫ সালের ১ জুলাই থেকে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। এর আগে ১৭ বছর বন্ধ থাকার পর ২০২৩ সালের সেপ্টেম্বরে এই রুটে পুনরায় ফ্লাইট চালু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বাংলাদেশ ও জাপানের মধ্যে একমাত্র সরাসরি আকাশপথ সংযোগ হিসেবে ঢাকা-নারিতা রুটকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এটি দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন এবং ব্যবসায়িক ভ্রমণ আরও সহজ ও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।

Scroll to Top