
কাবুল, ১৮ জুন – আফগানিস্তানে সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহারের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নির্দেশ অমান্য করলে কর্মকর্তাদের আইনি ও শরিয়া উভয় ধরনের দণ্ড ভোগ করতে হবে। এই ঘোষণার পর দেশটির অনেক কর্মকর্তা ইতিমধ্যে তাদের স্মার্টফোনগুলো ধ্বংস করে ফেলেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তালেবানের সামরিক আদালতের এক নির্দেশনায় বলা হয়েছে, চলতি সপ্তাহ থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এতে উচ্চপদস্থ এবং নিম্নপদস্থ সকল কর্মকর্তা, সাধারণ মুজাহিদ ও পরিষেবা কর্মীদের জন্য স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, এক কর্মকর্তা নিষেধাজ্ঞার আদেশটি পড়ে শোনাচ্ছেন এবং অন্যজন ফোনগুলো ভেঙে ফেলছেন। আদেশে বলা হয়েছে, কোনো সরকারি কর্মকর্তা স্মার্টফোন ব্যবহার করলে তার ডিভাইসটি গুঁড়িয়ে দেওয়া হবে। পাশাপাশি আদেশ লঙ্ঘনকারীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তবে তালেবান সুপ্রিম লিডার হিবাতুল্লাহ আখুন্দজাদার বিশেষ লিখিত অনুমতি থাকলে এই আদেশ থেকে ছাড় পাওয়া যাবে।
বর্তমানে এই আদালতের আদেশটি বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে কার্যকর করা হচ্ছে। কোনো কোনো অঞ্চলে কেবল কর্মকর্তাদের ওপর এটি কার্যকর হলেও কোথাও কোথাও নারী, বেসামরিক নাগরিক, স্বাস্থ্যকর্মী এবং শিক্ষক ও শিক্ষার্থীদের ওপরও প্রয়োগের খবর পাওয়া গেছে।
এনএন/ ১৮ জুন ২০২৬





