আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের (ইউএনএএমএ) নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশের কূটনীতিক রাবাব ফাতিমা।
গতকাল বুধবার (১৫ জুলাই) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এ নিয়োগের ঘোষণা দেন।
জাতিসংঘের এক বিবৃতিতে বলা হয়, রাবাব ফাতিমা আফগানিস্তানে ইউএনএএমএর প্রধান ও মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমানে কানাডার জর্জেট গ্যানিওনের স্থলাভিষিক্ত হচ্ছেন। গ্যানিওন এতদিন ইউএনএএমএর ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। রাবাব ফাতিমা বর্তমানে জাতিসংঘের স্বল্পোন্নত দেশ (এলডিসি), স্থলবেষ্টিত উন্নয়নশীল দেশ (এলএলডিসি) এবং ক্ষুদ্র দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রগুলোর (এসআইডিএস) উচ্চ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন।
জাতিসংঘের মহাসচিবের মুখপাত্রের দপ্তর জানিয়েছে, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সিভিল সার্ভিস এবং কূটনৈতিক দায়িত্ব পালনে রাবাব ফাতিমার ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তার কর্মজীবনে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় কূটনীতি, নীতিনির্ধারণ, অ্যাডভোকেসি, কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্র অন্তর্ভুক্ত রয়েছে।
কূটনৈতিক জীবনে তিনি বিভিন্ন দেশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। ২০০২ সালে প্রতিষ্ঠিত ইউএনএএমএ আফগানিস্তানে জাতিসংঘের অন্যতম গুরুত্বপূর্ণ মিশন। ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার পর দেশটিতে মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয়, রাজনৈতিক সংলাপ এগিয়ে নেওয়া এবং মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণে মিশনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। যদিও ইউএনএএমএর লক্ষ্য ও কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের কিছু আপত্তি রয়েছে, তারপরও গত জুনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মিশনটির কার্যপরিধি বা ম্যান্ডেট আরও এক বছরের জন্য নবায়ন করেছে।



