ওয়াশিংটনে শুরু হয়েছে আন্তর্জাতিক বিনিয়োগ ও ডিজিটাল অর্থব্যবস্থা বিষয়ক দুই দিনের সম্মেলন। স্থানীয় সময় শুক্রবার (১৭ এপ্রিল) ওয়াশিংটনের এমবাসি স্যুটস বাই হিলটন হোটেলে সম্মেলনের উদ্বোধন হয়। আয়োজন করেছে ইন সার্চ অব রুট ফাউন্ডেশন আইএসওআরএফ।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সভাপতি রায়হানুল ইসলাম চৌধুরী। গ্রেটার নিউইয়র্ক চেম্বার অব কমার্সের সভাপতি মার্ক জেফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত কূটনীতিক ওসমান সিদ্দিকী, সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস, সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিজ এবং ডিসি চেম্বার অব কমার্সের সহসভাপতি কিথ অ্যান্ড্রু পেরি।
সম্মেলনের প্রথম দিনে সরকারি-বেসরকারি অংশীদারত্বে আর্থিক নীতিমালা, লেনদেন সংস্কার ও ব্যয় সাশ্রয় শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশে ডিজিটাল লেনদেন ব্যবস্থার অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য দেন বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর, বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর বিরূপাক্ষ পাল, বিশ্বব্যাংকের জ্বালানি খাতের বিশেষজ্ঞ রায়হান এলাহি এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক হারুন অর রশিদ।
আলোচনায় বক্তারা বলেন, গত এক দশকে বাংলাদেশে মোবাইলভিত্তিক আর্থিক সেবা দ্রুত সম্প্রসারিত হয়েছে এবং সাধারণ মানুষের আর্থিক অন্তর্ভুক্তি বেড়েছে। প্রযুক্তিনির্ভর সেবা, নীতিগত সহায়তা এবং বেসরকারি বিনিয়োগের সমন্বয়ে খাতটি শক্ত ভিত পেয়েছে। তবে আন্তর্জাতিক লেনদেন, নিয়ন্ত্রক সমন্বয় এবং সাইবার নিরাপত্তা আরও জোরদার করার প্রয়োজন রয়েছে বলেও তারা মত দেন।
দুই দিনের এই সম্মেলনে বিনিয়োগ সম্ভাবনা, ডিজিটাল ব্যাংকিং, আর্থিক প্রযুক্তি উদ্ভাবন এবং উন্নয়নশীল দেশের অর্থনীতিতে প্রযুক্তির ভূমিকা নিয়ে একাধিক অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আয়োজকদের মতে, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের নীতিনির্ধারক, উদ্যোক্তা ও প্রবাসী বিনিয়োগকারীদের মধ্যে কার্যকর যোগাযোগ গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।



