আইস্ক্রিনে আসছে ‘মিশন ডিডিএলজে’ | চ্যানেল আই অনলাইন

নব্বই দশকের প্রেমের গল্পগুলো মডার্ন আবহে নির্মিত হলো আইস্ক্রিনের ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রব দিয়াস লাভ জার্নি)। আধুনিক প্রজন্মের দর্শকদের কাছে সেই সময়ের ভালোবাসার গল্প ও অনুভূতিকে নতুনভাবে তুলে ধরার লক্ষ্যেই এটি নির্মাণ করা হয়েছে।

এটি নির্মাণ করেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক। নির্মাতা জানান, এটি মূলত একটি রোমান্টিক কমেডি ঘরানার ওয়েব ফিল্ম। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাওভী এবং লাবণ্য।

আরও রয়েছেন মাসুদ মহিউদ্দিন, স্বপ্না শেখ, শারমিন সুলতানা শর্মী, সাদিয়া ইসলাম জুই, আরমান মাহমুদ, শওকত শোভন।

নির্মাতা সূত্রে জানা যায়, সিনেমাটির মাধ্যমে বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে নব্বই দশকের প্রেমের গল্পের আবহ ও অনুভূতিকে পরিচয় করিয়ে দেওয়া হবে। ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন মনোরম গ্রামীণ আহবের লোকেশনে এর শুটিং সম্পন্ন হয়েছে।

‘মিশন ডিডিএলজে’ নামের একটি ‘হিডেন স্টোরি’ রয়েছে বলেও জানিয়েছেন নির্মাতা। ফলে পুরো গল্প জানতে দর্শকদের সিনেমাটি দেখতে হবে।নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক বলেন, এর দৈর্ঘ্য ৮০ মিনিটের মতো। নতুন জুটি হিসেবে নাওভী এবং লাবণ্য দারুণ করেছেন।

নির্মাতা বিশ্বাস করেন, তাদের রসায়ন দর্শকের কাছে উপভোগ্য হয়ে উঠবে, সেই সঙ্গে এই গল্প থেকে দর্শকরা অন্যরকম আনন্দ পাবেন।

এর এক্সজিকিউটিভ প্রডিউসার আশেক হোসেন তন্ময় জানান, সম্প্রতি সিনেমাটির শুটিং শেষ হয়েছে, পোস্ট প্রোডাকশন হয়েছে। সেপ্টেম্বরের শেষ দিকে এটি মুক্তি পাবে।

Scroll to Top