
ঢাকা, ১০ আগস্ট – বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা পুনরায় ম্যানেজিং কমিটির হাতে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, এই উদ্যোগের ফলে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয় প্রভাব ও ঘুস বাণিজ্যের পুরোনো চক্র পুনরায় সক্রিয় হওয়ার আশঙ্কা রয়েছে।
সোমবার এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
বিবৃতিতে তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় গত ৩ আগস্ট এক সভায় বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা অসম্ভব হয়ে পড়বে। যোগ্য ও মেধাবী শিক্ষক নিয়োগের পরিবর্তে রাজনৈতিক ও স্থানীয় প্রভাব এবং আর্থিক লেনদেনের সুযোগ তৈরি হবে।
তিনি আরও উল্লেখ করেন যে, এনটিআরসিএ এর বর্তমান প্রক্রিয়ায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত হওয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি বেড়েছে। কিন্তু এই ব্যবস্থার জটিলতা দূর না করে ম্যানেজিং কমিটির হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলে তা অতীতের মতো অনিয়মের দ্বার উন্মোচন করবে।
জামায়াতের পক্ষ থেকে এই উদ্যোগ বাতিলের জোর দাবি জানিয়ে এনটিআরসিএ কে আরও শক্তিশালী করার অথবা সরকারি কর্ম কমিশনের মতো একটি স্বতন্ত্র কাঠামো তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে।
শিক্ষক নিয়োগে মেধা ও যোগ্যতার পরিবর্তে কোনো ধরনের রাজনৈতিক বা আর্থিক প্রভাব যাতে স্থান না পায় সেটি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এনএন/ ১০ আগস্ট ২০২৬


