অ্যাথলেট ও স্পোর্টসম্যানের মধ্যে তফাত কী

অ্যাথলেট ও স্পোর্টসম্যানের মধ্যে তফাত কী

সাধারণত অ্যাথলেট ও স্পোর্টসম্যান বা স্পোর্টসওয়োম্যানের মধ্যে খুব বেশি পার্থক্য করা হয় না। তবে এটা বলা যায়, স্পোর্টসম্যানরা খেলাধুলা, শরীরচর্চা, দৌড়ানো প্রভৃতি ক্ষেত্রে প্রশিক্ষণ ও চর্চার মাধ্যমে নিজেকে প্রস্তুত করে তোলেন। তাঁরা পেশাদার বা শৌখিন খেলোয়াড় হতে পারেন। অ্যাথলেট শব্দটি এসেছে গ্রিক শব্দ থেকে, যার অর্থ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী কোনো খেলোয়াড়। সুনির্দিষ্টভাবে বলা যায়, কোনো অ্যাথলেটিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরাই হলেন অ্যাথলেট।

সাধারণভাবে বলা যায়, স্কুল-কলেজে প্রতি বছর ফাইনাল পরীক্ষার পর ডিসেম্বর-জানুয়ারিতে যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, তাতে অংশগ্রহণকারীরা অ্যাথলেট হিসেবে পরিচিত। বিভাগীয় ও জাতীয় পর্যায়েও এ ধরনের অ্যাথলেটিক প্রতিযোগিতা হয়ে থাকে। অন্যদিকে প্রতি বছর শীতকালে ক্রিকেট ও গরমকালে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে। সেখানে খেলোয়াড়দের আমরা সাধারণভাবে বলি স্পোর্টসম্যান। যদিও অ্যাথলেট ও স্পোর্টসম্যানের মধ্যে পার্থক্যের সীমারেখা টানার কোনো বাধ্যবাধকতা নেই।

Scroll to Top