
ঢাকা, ৪ জুন – বাংলাদেশ ক্রিকেট দলের ফিল্ডিং কোচ জেমস প্যামেন্ট ইনজুরির কারণে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজেও দলের সঙ্গে থাকতে পারছেন না। নিউজিল্যান্ডের বিপক্ষে সবশেষ সিরিজে দায়িত্ব পালন করলেও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে কোমরের চোট পান তিনি।
বর্তমানে তিনি পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। চোট কাটিয়ে মাঠে ফিরতে প্যামেন্টের ঠিক কতদিন সময় লাগবে তা এখনো নিশ্চিত নয়। তবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এক বছরে তিনবার ইনজুরিতে পড়ায় এবং বর্তমান শারীরিক অবস্থা বিবেচনায় বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে প্যামেন্ট কিছুটা দ্বিধাগ্রস্ত।
যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে তার ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি রয়েছে। প্যামেন্টের অনুপস্থিতিতে ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করবেন বিসিবির কোচ আশিক মজুমদার। এর আগে পাকিস্তান সিরিজেও তিনি একই দায়িত্ব পালন করেছিলেন।
আগামী ৯ জুন থেকে ২১ জুন পর্যন্ত ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ ৯, ১১ ও ১৪ জুন ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে চট্টগ্রামে। সেখানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন ম্যাচগুলো আয়োজিত হবে।
এস এম/ ৪ জুন ২০২৬






