দিলারার ঝড়ো ফিফটি, স্কটল্যান্ডের পর নেদারল্যান্ডসকেও হারাল বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

দিলারার ঝড়ো ফিফটি, স্কটল্যান্ডের পর নেদারল্যান্ডসকেও হারাল বাংলাদেশ | চ্যানেল আই অনলাইন

স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচে হার দেখেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ায়। স্বাগতিকদের ৩৪ রানে হারানোর পর নেদারল্যান্ডসের বিপক্ষেও ধারাবাহিক। বৃষ্টি বিঘ্নিত ম্যাচটিতে ঝড়ো ফিফটি করেন দিলারা আক্তার। তাতে ভর করে লড়াকু সংগ্রহ পায় টিম টাইগ্রেস। পরে রিতু মনি ও ফারিহা তৃষ্ণার দারুণ বোলিংয়ে ১৩ রানে জিতে সিরিজের শেষটা রাঙিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

এডিনবার্গে বৃষ্টির কারণে ওভার কমিয়ে খেলা হয় ৮ ওভার করে। টসে হেরে আগে ব্যাটে নেমে নির্ধারিত ওভারে ৩ উইকেটে ৯৮ রান করে টিম টাইগ্রেস। জবাবে নেমে ৮ ওভারে ৫ উইকেটে ৮৩ রানে থামে ডাচ মেয়েদের ইনিংস।

বাংলাদেশ ব্যাটারদের মধ্যে দিলারা ৮ চার ও ২ ছক্কায় ২৬ বলে ৫১ রান করেন। এছাড়া জুয়াইরিয়া ফেরদৌস ৮ বলে ১৩, সোবহানা মোস্তারি ৯ বলে ১১*, জ্যোতি ৪ বলে ৯ এবং স্বর্ণা আক্তার ২ বলে ৩* রান করেন।

ডাচ বোলারদের মধ্যে আইরিশ জেউইলিং, হেথার সাইগ্রেস ও মাইর্থি ফন ডেন রাড একটি করে উইকেট নেন।

জবাবে নেমে ডাচ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩০ রান করেন করেন ববিতে ডে লিড, ১৪ বলের ইনিংসে ছিল ৫টি চারের মার। এছাড়া রবিন রিজকে ১২ বলে ২১, হেথার সাইগ্রেস ১৫ বলে ২১ এবং ফেড্রিকুয়ে ওভারডিক ৯ রান করেন।

টাইগ্রেস বোলারদের মধ্যে রিতু মনি ও ফারিহা তৃষ্ণা দুটি করে উইকেট নেন।

Scroll to Top