অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথম ম্যাচটি হারের পর সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের। এমন সমীকরণে নেমে সফরকারীদের সঙ্গে জয়ের পথে থেকেও হেরেছে লাল- সবুজ দল। হারের কারণ হিসেবে নিজের সাথে সাইফ হাসানের ব্যাক টু ব্যাক আউট হওয়াকে দায়ী করেছেন পারভেজ হোসেন ইমন।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবার টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক মিচেল মার্শ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে তারা। যা স্বাগতিকদের বিপক্ষে তাদের সর্বোচ্চ রান, আগে ছিল ৩ উইকেটে ১৫৮। জবাবে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৯ রানে পৌঁছাতে পারে বাংলাদেশ। ৭ রানের হার নিয়ে মাঠ ছাড়ে তাওহীদ হৃদয়ের দল।
বড় লক্ষ্যে নেমে দারুণ শুরু পায় টাইগাররা। এক পর্যায়ে ২ উইকেটে রান ছিল ১৩০। এরপরই দেখা যায় কিছুটা এলোমেলো ব্যাটিং। ক্রিজে থিতু হয়েও ইনিংস লম্বা করতে ব্যর্থ সাইফ-ইমন। ৪২ রান করা সাইফের পর ৩৬ রান করা ইমনও নেন বিদায়।
নিজেদের আউটকে দায়ী করে ইমন বলেছেন, ‘আমরা পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছিলাম। আমার মনে হয় সবচাইতে বড় ক্ষতি হয়েছিল আমার আর সাইফ ভাইয়ের উইকেট ব্যাক টু ব্যাক পড়ে যাওয়ায়। ওখানে আমরা একটু পিছিয়ে গেছি, নাহলে খুব সুন্দর খেলা চলছিল। দীর্ঘ সময় ব্যাটিং করতে পারলে দলের জন্য সুবিধা হতো। তবে ক্রিকেটে ভুল হতেই পারে। আশা করি পরবর্তী ম্যাচে সাইফ এখান থেকে বেরিয়ে আসবেন।’
‘আমরা আসলে প্রায় সবাই ৩০-৪০ রানে আউট হয়েছি। আমার মনে হচ্ছিল এখানে ৩০-৪০টা যদি আমরা বড় স্কোরে কনভার্ট করতে পারতাম যেকোনো একজন, তাহলে খেলাটা সহজে চেজ করা যেত।’


