অবৈধ ওয়াকি-টকি জব্দে বিটিআরসির সাঁড়াশি অভিযান অব্যাহত – DesheBideshe

অবৈধ ওয়াকি-টকি জব্দে বিটিআরসির সাঁড়াশি অভিযান অব্যাহত – DesheBideshe


অবৈধ ওয়াকি-টকি জব্দে বিটিআরসির সাঁড়াশি অভিযান অব্যাহত – DesheBideshe

ঢাকা, ২৫ জুন – ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অবৈধ টেলিযোগাযোগ যন্ত্রপাতি ও স্থাপনার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি। কমিশনের নির্দেশনায় এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে পরিচালিত এসব যৌথ অভিযানে লাইসেন্স ছাড়া ব্যবহৃত বিভিন্ন ওয়াকি-টকি জব্দ করা হচ্ছে।

এ সময় অবৈধ বেতার সরঞ্জাম ব্যবহারের দায়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিটিআরসি জানায় যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১ এর সংশোধনী অনুযায়ী যেকোনো ধরনের ওয়াকি-টকি বা বেতার যোগাযোগ যন্ত্র ব্যবহার, সংরক্ষণ, আমদানি কিংবা বিপণনের জন্য বিটিআরসি থেকে তরঙ্গ বরাদ্দ এবং লাইসেন্স গ্রহণ করা বাধ্যতামূলক।

আইন অনুযায়ী লাইসেন্স ছাড়া এ ধরনের যন্ত্রের ব্যবহার দণ্ডনীয় অপরাধ। বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান, নিরাপত্তা সেবা প্রদানকারী সংস্থা, হোটেল, রেস্তোরাঁ ও শপিং মলসহ সকল ব্যক্তি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানকে বিশেষভাবে সতর্ক করেছে সংস্থাটি।

বিটিআরসি জানিয়েছে যে তাদের যথাযথ অনুমোদন ছাড়া কোনো ধরনের বেতার যন্ত্র বা ওয়াকি-টকি ব্যবহার করা যাবে না। সংস্থাটি আরও স্পষ্ট করেছে যে অবৈধ ও লাইসেন্সবিহীন বেতার যন্ত্রের বিরুদ্ধে এই অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আইন অমান্য করলে প্রচলিত বিধান অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এবং সুষ্ঠু বেতার যোগাযোগ ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দেশের বিদ্যমান আইন ও বিধি-বিধান মেনে চলার আহ্বান জানিয়েছে বিটিআরসি।

এস এম/ ২৫ জুন ২০২৬



Scroll to Top