অনুশীলন মাঠে বজ্রপাতে ফুটবলার ইভান মিয়ের্সের মৃত্যু, সতীর্থ আহত

আর্জেন্টিনায় ফুটবল অনুশীলন করার সময় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন ৩৪ বছর বয়সী ফুটবলার ইভান মিয়ের্স। একই ঘটনায় আহত হয়েছেন তার সতীর্থ হুয়ান রোমেরো। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ফুটবলার ইভান মিয়ের্স

শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে দেশটির উত্তরাঞ্চলীয় ফোরমোসা প্রদেশের রাজধানীতে এ দুর্ঘটনা ঘটে।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম এলএন+ ও ইনফোবায়ের প্রতিবেদন অনুযায়ী, টর্নেও আর্জেন্টিনোর গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে ক্লাব স্পোর্তিভো পাতরিয়ার হয়ে অনুশীলন করছিলেন মিয়ের্স। অনুশীলনের অংশ হিসেবে সতীর্থদের সঙ্গে একটি প্রীতি ম্যাচেও অংশ নেন তিনি।

ক্লাবটির প্রধান কোচ হুয়ান কার্লোস এরমোসি জানান, অনুশীলনের একপর্যায়ে আকাশ মেঘলা হয়ে আসে এবং হালকা বৃষ্টি শুরু হয়। এ সময় মিয়ের্সের খুব কাছেই বজ্রপাত আঘাত হানে। ঘটনাস্থলের কাছাকাছি থাকায় সতীর্থ হুয়ান রোমেরোও বজ্রপাতের আঘাতে আহত হন।

দুর্ঘটনার পর মাঠেই দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সতীর্থরা ব্যক্তিগত গাড়িতে করে তাদের ফোরমোসার সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান। সেখানে দুজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় কয়েক ঘণ্টা পর মারা যান মিয়ের্স। অন্যদিকে, রোমেরো এখনো হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা নিয়ে সতর্ক রয়েছেন চিকিৎসকেরা।

ফোরমোসায় জন্ম নেওয়া মিয়ের্স ছিলেন একজন রক্ষণভাগের খেলোয়াড়। ক্যারিয়ারে তিনি স্থানীয় ক্লাব সান মার্তিন, সান লোরেঞ্জো ও ভিয়া দেল রোসারিওর হয়ে খেলেছেন। সম্প্রতি কর্দোবা প্রদেশের ক্লাব সিলভিও পেলিকোর হয়ে খেলছিলেন তিনি। পরে নিজ এলাকার ক্লাব স্পোর্তিভো পাতরিয়াকে সহযোগিতা করতে ফোরমোসায় ফিরে আসেন।

তার আকস্মিক মৃত্যুতে স্থানীয় ফুটবল অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Scroll to Top