২. তথ্যের গোপনীয়তা রক্ষা করা
শিক্ষার্থীর সঙ্গে সম্পর্ক থাকতে হবে পেশাদার ও শিক্ষকসুলভ। ক্লাসের ফাঁকে বা আড্ডার ছলে শিশু যেন তার স্কুলের নাম, বাসার ঠিকানা, পরিবারের সদস্যদের কর্মস্থল, কিংবা সাপ্তাহিক যাতায়াতের রুটিনের মতো সংবেদনশীল তথ্য শেয়ার না করে, সে বিষয়ে তাকে সতর্ক করতে হবে।
সাইবার অপরাধীরা এসব তথ্য ব্যবহার করে পরবর্তী সময়ে ব্ল্যাকমেইল বা সশরীরে শিশুর ক্ষতি করার পরিকল্পনা করে।
৩. ক্লাস হবে উন্মুক্ত স্থানে
অনলাইন কোরআন ক্লাসের সবচেয়ে বড় শর্ত হলো, ক্লাসটি কখনোই বন্ধ ঘরের ভেতরে একা একা নেওয়া যাবে না। ড্রয়িংরুম, ডাইনিং স্পেস বা এমন কোনো উন্মুক্ত স্থানে কম্পিউটার বা ল্যাপটপ রাখতে হবে, যেখানে পরিবারের অন্য সদস্যদের নিয়মিত যাতায়াত আছে।
স্ক্রিনে কী দেখানো হচ্ছে এবং শিক্ষক কী কথা বলছেন, তা যেন অভিভাবকেরা দূর থেকেও স্পষ্ট শুনতে ও দেখতে পান। ইসলামে ‘খালওয়াহ’ বা কোনো পরপুরুষের সঙ্গে নারীর নির্জনে অবস্থানকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে, ডিজিটাল মাধ্যমে ক্যামেরার ওপারে একা থাকাও এক ধরনের ‘ডিজিটাল নির্জনতা’ তৈরি করতে পারে।


