রাউন্ড অব বত্রিশে দুর্দান্ত জয়ে সেরা ষোলোয় পৌঁছে পরিকল্পনা গোছাচ্ছে ব্রাজিল। পরের ম্যাচের আগে আবারও আলোচনায় নেইমার জুনিয়র। তিনি বিশ্বকাপ এপর্যন্ত কেবল ২০ মিনিট মাঠে ছিলেন। চোট থেকে ভালোমতো সেরে উঠেছেন, তবে খেলার জন্য উপযুক্ত ছিল না তার পায়ের পেশি। নরওয়ের বিপক্ষে সেরা ষোলোয় নেইমারকে দ্রুতই নামাতে পারেন কার্লো আনচেলত্তি। সেবিষয় এখনও নিশ্চয়তা না দিলেও ব্রাজিল কোচ জানালেন, নেইমার এখন ফিট এবং খেলতে চান।
শেষ বত্রিশে জাপানের বিপক্ষে পিছিয়ে পড়ে ২-১ গোলের প্রত্যাবর্তনে জিতেছিল সেলেসাওরা। ষোলোতে ৬ জুলাই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা লড়বে নরওয়ের বিপক্ষে। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় ৫ জুলাই দিবাগত রাত ২টায় মুখোমুখি হবে দুদল।
ম্যাচের একদিন আগে আনচেলত্তি বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, নেইমার এখন খেলতে পারে। যখন আমার মনে হবে দলের তাকে প্রয়োজন, তাকে মাঠে নামাব। হ্যাঁ, সে ৯০ মিনিট খেলতে পারবে। তবে সে সন্তুষ্ট নয়, কিন্তু তার আচরণ খুব ভালো। খুব ভালোভাবে অনুশীলন করছে।’
‘নেইমার খুব শ্রদ্ধাশীল, দয়ালু এবং সতীর্থদের কাছে খুব প্রিয়। দলে তার উপস্থিতি গুরুত্বপূর্ণ, কারণ তার গুণ আছে এবং খুব বিনয়ী একজন মানুষ। আমি তাকে নিয়ে খুব খুশি।’
তবে মাঠে বেশি সময় খেলতে না পারায় খুশি নন নেইমার, চান আরও বেশি সময় মাঠে থাকতে। সেবিষয় কোচ বলেছেন, ‘স্পষ্টতই সে খেলতে চায়। যেমন সবসময়ই চেয়ে এসেছে। মুখে বলে না আমি খেলতে চাই, কিন্তু ব্যাপারটা বেশ স্পষ্ট, এবং ইতিবাচক। বেঞ্চে বসে কোন খেলোয়াড়ই খুশি থাকতে পারে না।’


