২০২৬ বিশ্বকাপের শুরু থেকেই সবচেয়ে বেশি বয়সী কোচের রেকর্ডটি ভেঙেছে। শেষপর্যন্ত অবশ্য নিজের করে নিয়েছেন কুরাসাওয়ের প্রধান কোচ ডিক অ্যাডভোকেট। জার্মানির বিপক্ষে দলের প্রথম ম্যাচে ডাগআউটে দাঁড়িয়ে ৭৮ বছর ২৬০ দিন বয়সে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে প্রবীণ কোচ হিসেবে নাম লেখান এই ডাচ কোচ।
বিশ্বকাপের উদ্বোধনী দিনেই প্রথমে রেকর্ড গড়েছিলেন সাউথ আফ্রিকার কোচ হুগো ব্রুস। মেক্সিকোর বিপক্ষে ম্যাচে ৭৪ বছর বয়সে তিনি আগের রেকর্ড ভেঙেছিলেন। তবে কয়েক ঘণ্টা পরই চেক প্রজাতন্ত্রের কোচ মিরোস্লাভ কৌবেক বয়সের হিসেবে তাকে ছাড়িয়ে নতুন রেকর্ডের মালিক হন। ব্রুসের জন্ম ১৯৫২ সালের ১০ এপ্রিল, আর কৌবেকের জন্ম ১৯৫১ সালের ১ সেপ্টেম্বর।
তবে ১৯৪৭ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয়া অ্যাডভোকেট তাদের দুজনকেই পেছনে ফেলে নতুন ইতিহাস গড়েন।
অ্যাডভোকেতের নেতৃত্বেই প্রথমবার বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয় কুরাসাও। দেড় লাখের কিছু বেশি জনসংখ্যার দেশটি জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিষেক সম্পন্ন করে। যদিও নিজেদের প্রথম ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের কাছে ৭-১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে।


