‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী | চ্যানেল আই অনলাইন

পরিবেশ সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দেশব্যাপী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৩ জুন) বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট সংরক্ষিত বনে একটি গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে তিনি এই কর্মসূচির সূচনা করেন। সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার হিসেবে ঘোষিত এই উদ্যোগকে দেশের পরিবেশগত ভারসাম্য রক্ষায় একটি দীর্ঘমেয়াদি পদক্ষেপ হিসেবে উল্লেখ করা হয়।

এর আগে শনিবার সকাল ৯টা ৫৫ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইনসের একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। প্রবল বর্ষণের মধ্যেও বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ সরকারের কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী। বিমানবন্দর থেকে সড়কপথে চকরিয়ার পিএমখালী ইউনিয়নে গিয়ে প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানে আয়োজিত এক সমাবেশে বক্তব্যও দেন তিনি।

উল্লেখ্য, আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণ ও পরিচর্যার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর প্রথম ধাপে দেশের ৪৯ জেলার ১৪৯ উপজেলায় প্রায় দেড় কোটি চারা রোপণ করা হবে। বৃক্ষরোপণ কর্মসূচিটি বর্তমান সরকারের পরিবেশবান্ধব উন্নয়ন কৌশলের অংশ হিসেবে বাস্তবায়ন করা হচ্ছে, যার লক্ষ্য দেশের সবুজ আচ্ছাদন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় টেকসই ভিত্তি গড়ে তোলা।

Scroll to Top