কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর রেললাইন থেকে দুর্ঘটনাকবলিত বাসটি সরানো হয়েছে। এর ফলে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
রোববার (২২ মার্চ) সকাল ৮টার দিকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে লাইনে আটকে থাকা বাসটি সরিয়ে নেয়। একই সঙ্গে দুর্ঘটনায় আটকে পড়া ঢাকাগামী মেইল ট্রেনটিকেও উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ের চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান।
এর আগে শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন ‘মামুন পরিবহন’ নামের যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়।
দুর্ঘটনায় প্রথমে ৭ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে উভয় দিকের ট্রেন চলাচল স্থবির হয়ে পড়ে।
পরে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। এ সময় ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযানে অংশ নেন।
দীর্ঘ সময়ের চেষ্টার পর সকাল ৮টার দিকে বাসটি রেললাইন থেকে সরানো সম্ভব হয়। এরপর ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।





