৪৪ বছরের ঐতিহ্য, মে দিবসে পথে আরণ্যক | চ্যানেল আই অনলাইন

৪৪ বছরের ঐতিহ্য, মে দিবসে পথে আরণ্যক | চ্যানেল আই অনলাইন

বাংলাদেশের প্রগতিশীল নাট্যচর্চার অন্যতম সংগঠন আরণ্যক নাট্যদল ৪৪ বছরের ধারাবাহিকতায় এবারও উদযাপন করেছে মহান মে দিবস।

শুক্রবার (১ মে) সকাল সাড়ে ১০টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে শ্রমিকদের বিপ্লবী সংগীত ‘ইন্টারন্যাশনাল’ পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় আয়োজন।

দিনব্যাপী এই কর্মসূচিতে ছিল গান, আবৃত্তি, আলোচনা, বাউল সংগীত, পথনাটক এবং বিশেষ প্রকাশনা। প্রয়াত নাট্যকার মান্নান হীরার রচনা ও নির্দেশনায় পথনাটক ‘মূর্খ লোকের মূর্খ কথা’ মঞ্চস্থ হয় অনুষ্ঠানে।

আরণ্যকের অন্যতম প্রতিষ্ঠাতা মামুনুর রশীদ বলেন, ১৯৮২ সালে যখন তারা প্রথম মে দিবস উদযাপন শুরু করেন, তখন তাদের লক্ষ্য ছিল মধ্যবিত্ত ও সংস্কৃতিকর্মীদের সম্পৃক্ত করা।

বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে শান্তি ও সাম্যের বার্তা ছড়িয়ে দেওয়াই হোক এবারের মে দিবসের অঙ্গীকার।

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম বলেন, দেশের শ্রমবাজার এখনো নারীবান্ধব নয়। শ্রমিক আন্দোলন ও নারী আন্দোলন একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত উল্লেখ করে তিনি শ্রমজীবী নারীদের অধিকার প্রতিষ্ঠায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে আয়োজনের দ্বিতীয় পর্ব শুরু হবে। সেখানে মঞ্চস্থ হবে আরণ্যকের আলোচিত নাটক ‘রাঢ়াঙ’, যার রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ।

প্রতিবারের মতো এবারও প্রকাশিত হয়েছে ‘মে দিবসের কাগজ’, যেখানে স্থান পেয়েছে বিশিষ্টজনদের লেখা।

স্বাধীনতাত্তোর নাট্যচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আরণ্যক নাট্যদল ১৯৮২ সাল থেকে নিয়মিতভাবে মে দিবস উদযাপন করে আসছে—যা একটি নাট্যদলের ক্ষেত্রে দেশে প্রথম উদ্যোগ।

Scroll to Top