
মুম্বাই, ৩ এপ্রিল – চার হাজার কোটি টাকা বাজেটের বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’ সিনেমার টিজার প্রকাশের পরপরই এর ভিজ্যুয়াল ইফেক্টস এবং সিজিআই নিয়ে দর্শকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। বৃহস্পতিবার হনুমান জয়ন্তী উপলক্ষে পরিচালক নীতেশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালহোত্রা সিনেমাটির প্রথম টিজার উন্মোচন করেন। প্রায় দুই মিনিট চল্লিশ সেকেন্ডের এই ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। সমালোচক অরিত্র জ্ঞান মন্তব্য করেছেন যে এটি দেখতে অনেকটা ‘আদিপুরুষ’ সিনেমার দ্বিতীয় কিস্তির মতো লাগছে।
তিনি ভিজ্যুয়াল ইফেক্টসের অতিরিক্ত ব্যবহার এবং কিছু দৃশ্যের দুর্বল উপস্থাপনার কড়া সমালোচনা করেন। আরেক সমালোচক রবি গুপ্তার মতে এত বড় বাজেটের একটি প্রজেক্টের জন্য এই টিজার অত্যন্ত হতাশাজনক। অনেক জায়গায় অ্যানিমেশনের কাজ এতটাই অসংলগ্ন যে সেগুলোকে সাধারণ কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি কাজের মতো মনে হয়েছে। নেটিজেনরা সামাজিক যোগাযোগমাধ্যমে ফ্রেম ধরে ধরে ভিজ্যুয়াল থেকে শুরু করে পোশাকের বিভিন্ন ত্রুটি বিশ্লেষণ করছেন।
প্রাকৃতিক পরিবেশে শুটিং করার সুযোগ থাকা সত্ত্বেও কেন এত বেশি কম্পিউটার জেনারেটেড ইমেজ বা সিজিআই ব্যবহার করা হলো তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। অন্যদিকে রাম চরিত্রে রণবীর কাপুরের লুক দর্শকদের মাঝে কিছুটা ইতিবাচক সাড়া ফেলেছে। কপালে রাজতিলক এবং গেরুয়া পোশাকে তাকে মানানসই লাগলেও ক্লোজ শটে কিছুটা বয়স্ক দেখাচ্ছে বলে মন্তব্য করেছেন একাংশ।
সীতা চরিত্রে সাই পল্লবী এবং রাবণ চরিত্রে যশের উপস্থিতি টিজারে খুব অল্প সময়ের জন্য থাকায় দর্শকরা আক্ষেপ প্রকাশ করেছেন। ভারতে মুক্তির আগে যুক্তরাষ্ট্রে এই টিজারের বিশেষ প্রদর্শনী নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। সানি দেওল ও রবি দুবের মতো তারকারা এই সিনেমায় অভিনয় করছেন এবং সঙ্গীত পরিচালনায় আছেন হ্যান্স জিমার ও এ আর রহমান। সিনেমাটির প্রথম পর্ব ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালে প্রেক্ষাগৃহে আসার কথা রয়েছে।
এস এম/ ৩ এপ্রিল ২০২৬




