৩৫ বিলিয়ন ডলার রিজার্ভ রেখে গেছেন আহসান এইচ মনসুর | চ্যানেল আই অনলাইন

৩৫ বিলিয়ন ডলার রিজার্ভ রেখে গেছেন আহসান এইচ মনসুর | চ্যানেল আই অনলাইন

সদ্য বিদায়ী গভর্নর ড. আহসান এইচ মনসুরের শেষ কর্মদিবস পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ৩১ বিলিয়ন মার্কিন ডলারে।

বাংলাদেশ ব্যাংক-এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার (২৫ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেন।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩১ দশমিক ৪৫ মিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ২৮৯ দশমিক ৪২ মিলিয়ন বা ৩০ দশমিক ২৮ বিলিয়ন ডলারে।

এর আগে, গত ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের মোট রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৮৬ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে তা ছিল ৩০ দশমিক ১০ বিলিয়ন ডলার। মাত্র দুই দিনের ব্যবধানে রিজার্ভের এই ঊর্ধ্বমুখী প্রবণতাকে দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আইএমএফের বিপিএম-৬ পদ্ধতিতে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বাদ দিয়ে নিট বা প্রকৃত রিজার্ভের হিসাব করা হয়।

অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের ১৩ আগস্ট অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর-কে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়। তখন দেশের রিজার্ভ ঠেকেছিল তলানিতে। তিনি দায়িত্ব পালন করেন ১৮ মাস ১২ দিন।

বুধবার তার অবশিষ্ট মেয়াদ বাতিল করে নতুন গভর্নর হিসেবে দায়িত্ব দেওয়া হয় পোশাক খাতের ব্যবসায়ী মো. মোস্তাকুর রহমান-কে।

এর আগে, আগামী জুনের মধ্যে দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩৫ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছিলেন আহসান এইচ মনসুর।

Scroll to Top