
ঢাকা, ২৫ এপ্রিল – এখন পর্যন্ত ৮১টি হজ ফ্লাইটে মোট ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৯ হাজার ২৪৮ জন হজযাত্রী রয়েছেন।
শনিবার ভোররাতে হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের বুলেটিন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
হজ সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৩৩টি, সৌদি এয়ারলাইন্সের ৩০টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ১৮টি ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে।
এদিকে সৌদি আরবে অবস্থানকালে এখন পর্যন্ত দুই জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। সবশেষ গত ২২ এপ্রিল মক্কায় মো. আবুল কাশেম নামে সত্তর বছর বয়সী এক হজযাত্রী মারা যান। এর আগে জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডল নামে আরেক হজযাত্রী মারা গেছেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এ বছর হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে ১৮ এপ্রিল।
সৌদি আরবে হজযাত্রীদের যাওয়ার ফ্লাইট আগামী ৩১ মে পর্যন্ত চলবে। হজ পালন শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হওয়ার কথা রয়েছে এবং ফিরতি ফ্লাইট শেষ হবে ৩০ জুন।
এনএন/ ২৫ এপ্রিল ২০২৬






